একুশের বিধানসভা নির্বাচনে একাধিক টলি অভিনেতা-অভিনেত্রীরা নানান রাজনৈতিক দলে যোগ দিয়েছিলেন। এর মধ্যে কিছুজন আবার ভোটের টিকিট পেয়ে নির্বাচনে লড়েওছিলেন। কিছু তারকা জিত হাসিল করেছেন, কিছু তারকা আবার করেন নি। অনেকে আবার পরবর্তীতে দলও ছেড়েছেন।
তেমনই একুশের নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন টলি অভিনেতা বনি সেনগুপ্ত। তাঁর বান্ধবী কৌশানি ও মা পিয়া সেনগুপ্ত তৃণমূলে যোগ দিলেও গেরুয়াক শিবিরকেই বেছে নিয়েছিলেন বনি। এই নিয়েও নানান আলোচনাও হয়েছিল। তবে এবার বিজেপি ছাড়লেন বনি।

সপ্তাহের শুরুর দিনই বিকেলবেলা একটি টুইট করে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করলেন বনি সেনগুপ্ত। টুইটে তিনি লেখেন, “ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমার যে যোগ ছিল, তা আজ থেকে শেষ হল। দল নিজের প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছে এবং পশ্চিমবঙ্গ ও বাঙালিদের জন্য তাদের দেওয়া কোনও প্রতিশ্রুতির কোনও উন্নতি আমি দেখিনি”।
একুশের নির্বাচনে তৃণমূলে যোগ দিয়ে কৌশানি কৃষ্ণনগর উত্তর থেকে ভোটে লড়লেও, বিজেপিতে যোগ দেওয়ার পর ভোটে লড়েন নি বনি। তবে বিজেপির হয়ে নির্বাচনের আগে তাঁকে নানান তর্ক-বিতর্ক অনুষ্ঠানে দেখা যায়।
তবে নির্বাচনের পর তাঁকে সেভাবে আর দলের সঙ্গে দেখা যায়নি। এরপর আজ দলের উপর ক্ষোভ জারি করে গেরুয়া শিবির ছাড়লেন অভিনেতা। জানা গিয়েছে, নিজের এই সিদ্ধান্তের কথা মৌখিকভাবে দলকে জানিয়েছেন তিনি।
এর আগেও একাধিক তারকাকে নির্বাচনে বিজেপির ভরাডুবির পর দল ছাড়তে দেখা গিয়েছে। দল ছেড়েছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীও। আবার গত বছরের নভেম্বর মাসেই একইভাবে দলের উপর ক্ষোভ জাহির করে বিজেপি ছাড়েন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।





