ভোটের ময়দানে বিজেপির হয়ে লড়তে পারেন বিশিষ্ট আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়, প্রার্থী হওয়ার সম্ভাবনা দমদম কেন্দ্র থেকে

দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। এখনও পর্যন্ত ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়নি ঠিকই তবে সমস্ত রাজনৈতিক দলের মধ্যে এই মুহূর্তে নির্বাচন নিয়ে উত্তেজনা তুঙ্গে। ইতিমধ্যেই তৃণমূলের তরফে ৪২টি আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। বিজেপির তরফেও বাংলার ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তবে বাকি আসন নিয়ে এখনও জল্পনা চলছে।

সূত্রের খবর, এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন বিশিষ্ট আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়। তিনি দমদম লোকসভা কেন্দ্র থেকেই লোকসভা ভোটে লড়তে পারেন, এমন জল্পনাও এই মুহূর্তে তুঙ্গে। এও জানা গিয়েছে, তাঁর সঙ্গে নেতৃত্বের তরফে যোগাযোগ করা হয়েছে। তবে এখনও নিজের সিদ্ধান্ত জানান নি তিনি।

বিক্রম বন্দ্যোপাধ্যায়ই প্রথম আইনজীবী যিনি প্রথম প্রাথমিক শিক্ষক দুর্নীতির দিকে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করিয়েছিলেন। মামলাকারীদের সওয়াল-জবাবও করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতৃত্বকে বারবার কটাক্ষ করেছেন বিক্রম বন্দ্যোপাধ্যায়।

২০১৯ সালে বিজেপিতে যোগ দেন বিক্রম বন্দ্যোপাধ্যায়। এর আগে তিনি সিপিএমের সমর্থক ছিলেন। তিনি যদি দমদম কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়াই করেন, তাহলে একদিকে তিনি বিজেপির ভোট তো পাবেনই, এরই সঙ্গে সিপিএমের একটা অংশের ভোটও আসতে পারে তাঁর ঝুলিতে।

দমদম লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন বর্ষীয়ান নেতা সৌগত রায়। তৃণমূলের জন্মলগ্ন থেকেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী। তিনবারের সাংসদ তিনি। ফলে তাঁর বিরুদ্ধে কোনও জনপ্রিয় মুখকেই দমদম কেন্দ্র থেকে প্রার্থী করতে চাইছে বিজেপি। তা না হলে তৃণমূলের এই শক্ত ঘাঁটি কব্জা করা যে বেশ কঠিন, তা বলাই বাহুল্য। এই দমদম কেন্দ্রের প্রার্থী নিয়ে নানান জল্পনা চলছে। এর আগে শোনা যাচ্ছিল, এই কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এবার সামনে এল আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের নাম। তিনি এবার এই কেন্দ্র থেকে টিকিট পান কী না, এখন সেটাই দেখার।

RELATED Articles