দেবের পর এবার মুকুল ও মহুয়াকেও দিল্লিতে তলব ইডির, একইদিনে তৃণমূলের তিন নেতা-নেত্রীকে ডাকল কেন্দ্রীয় এজেন্সি

দেবের পর এবার পালা মুকুল রায় ও মহুয়া মৈত্রেরও। এই দুই তৃণমূল নেতানেত্রীকেই দিল্লিতে তলব করল ইডি। টাকার বিনিময় সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল মহুয়ার বিরুদ্ধে। সেই বিতর্কে বিদেশী মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে তলব করা হয়েছে তাঁকে আর  অ্যালকেমিস্ট মামলায় তলব করা হয়েছে মুকুল রায়কে।

আজ, বৃহস্পতিবার দুপুর গড়াতেই যেন একের পর এক অ্যাকশন মোডে ইডি। প্রথমেই খবর মেলে দিল্লিতে তৃণমূল তারকা-সাংসদ দেবকে তলব করেছে ইডি। আগামী ২১ ফেব্রুয়ারি তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে তলব করা হয়েছে দেবকে। বেশ কিছুদিন ধরেই দেবকে নিয়ে রাজনৈতিক মহলে চর্চার অন্ত নেই। তারই মধ্যে এল এই তলব।

এর কিছু সময় পর জানা যায়, ইডির তলব গিয়েছে তৃণমূলে ওয়াপসি করা মুকুল রায়ের কাছেও। অ্যালকেমিস্ট মামলায় তলব করা হয়েছে তাঁকে। বাজার থেকে বেআইনিভাবে কোটি কোটি টাকা তোলার অভিযোগ উঠেছিল অ্যালকেমিস্টের বিরুদ্ধে। একাধিক ‘প্রভাবশালীর’ কাছে সেই টাকা গিয়েছে বলে দাবী কেন্দ্রীয় এজেন্সির। সেই টাকা বিদেশে পাচার হয়েছে বলে দাবী ইডির। অ্যালকেমিস্ট চিটফান্ডের ২৩৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। সেই মামলাতেই নাম জড়িয়েছিল মুকুল রায়ের।  সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই ইডির তলব তাঁকে।

আর এবার ইডির নজরে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। ব্যবসায়ী বন্ধুর থেকে টাকা নিয়ে সংসদে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল মহুয়া মৈত্রের বিরুদ্ধে। সেই অভিযোগে মহুয়ার সাংসদ পদও খারিজ করেছিলেন লোকসভার স্পিকার। এই সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মহুয়া। সেই মামলা এখনও বিচারাধীন। এর মধ্যেই এই মামলায় ইডির তলব পড়ল তাঁকে। ১৯ ফেব্রুয়ারি তাঁকে দিল্লিতে  হাইরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

একই দিনে তৃণমূলের তিন নেতানেত্রীকে ইডি তলব করায় তা নিয়ে বেশ জলঘোলা হয়েছে বৈ কী! দেবের তলবকে ইতিমধ্যেই ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে আখ্যা দিয়েছে তৃণমূল। মুকুল-পুত্র শুভ্রাংশু রায় জানিয়েছেন, তাঁর বাবা অসুস্থ তাই তিনি হাজিরা দিতে যেতে পারবেন না। ইডি চাইলে এখানে এসে জিজ্ঞাসাবাদ করতে পারে তাঁকে। আর দেব বা মহুয়া ইডির ডাকে সাড়া দেবেন কী না, তা এখনও জানা যায়নি।     

RELATED Articles