‘দানা’র কারণে বাড়ছে আতঙ্ক, শিয়ালদহের পর এবার হাওড়া ডিভিশনেও বাতিল লোকাল, দেখে নিন তালিকা

ক্রমেই শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। বাংলায় ল্যান্ডফল না হলেও ঘূর্ণিঝড়ের প্রভাব বেশ ভালোভাবেই পড়বে বাংলায়। সেই কারণে নানান প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে আগেই। শিয়ালদহ ডিভিশনে আগেই লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল। এবার সেই পথেই হাঁটল হাওড়া ডিভিশনও। বাতিল হল একগুচ্ছ লোকাল।

শিয়ালদহ ডিভিশনে বৃহস্পতিবার রাত আটটা থেকে কোনও ট্রেন চলবে না বলে জানিয়েছে পূর্ব রেলওয়ে। পরদিন সকাল দশটা পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে। এবার হাওড়া ডিভিশনের তরফেও জানানো হল বৃহস্পতিবার ভোর চারটে থেকে শুক্রবার সকাল দশটা পর্যন্ত বন্ধ থাকবে লোকাল।  

রেল সূত্রে খবর, হাওড়া ডিভিশনে মোট ৬৮টি লোকাল বাতিল করা হয়েছে। হাওড়া স্টেশনে ২৫টি, ব্যান্ডেলে ১২টি, বর্ধমানে ৫টি, শেওড়াফুলি ৬টি এবং তারকেশ্বরে ৫টি ট্রেন বাতিল হয়েছে বলে খবর। আবার শ্রীরামপুর, কাটোয়া ও আরামবাগে ২টি করে ট্রেন বাতিল হয়েছে। মেমারি, পাণ্ডুয়া, বারুইপাড়া, চন্দনপুর, গুড়াপ, মশাগ্রাম, গোঘাট, সিঙ্গুর, বেলুড় মঠে ১টি করে ট্রেন বাতিল করা হয়েছে।

অন্যদিকে শিয়ালদহ ডিভিশনেও বাতিল হয়েছে এলাধিক লোকাল। প্রায় ১৬০টি ট্রেন বাতিল করা হয়েছে ওই ডিভিশনে। গতকাল, বুধবার সকালে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, “সাইক্লোন দানার কথা মাথায় রেখে পূর্ব রেলওয়ের শিয়ালদহ ডিভিশন একটি সিদ্ধান্ত নিয়েছে যে ২৪ অক্টোবর রাত আটটার পরে কোনও লোকাল ট্রেন শিয়ালদহ স্টেশন থেকে ছেড়ে যাবে না। হাসনাবাদ, নামখানা বা ওই শাখা থেকে কোনও ট্রেন সন্ধ্যা সাতটার পরে ছেড়ে শিয়ালদহের উদ্দেশে আসবে না”।

শিয়ালদহ শাখায় যে ট্রেনগুলি বাতিল হয়েছে, সেগুলি হল-

  • শিয়ালদহ-ক্যানিং শাখা: ২৪টি ট্রেন বাতিল।
  • সোনারপুর-ক্যানিং শাখা: ৭টি ট্রেন বাতিল।
  • শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর শাখা: ২৫টি ট্রেন বাতিল।
  • শিয়ালদহ-বজবজ শাখা: ২৯টি ট্রেন বাতিল।
  • শিয়ালদহ-সোনারপুর শাখা: ১১টি ট্রেন বাতিল।
  • সোনারপুর-বারুইপুর শাখা: ২টি ট্রেন বাতিল।
  • শিয়ালদহ-বারুইপুর শাখা: ১৬টি ট্রেন বাতিল।
  • শিয়ালদহ-নৈহাটি শাখা: ২টি ট্রেন বাতিল।
  • লক্ষ্মীকান্তপুর-বারুইপুর শাখা: ৩টি ট্রেন বাতিল।
  • শিয়ালদহ-ডায়মন্ড হারবার শাখা: ৩০টি ট্রেন বাতিল।
  • লক্ষ্মীকান্তপুর-নামখানা শাখা: ১৯টি ট্রেন বাতিল।
  • শিয়ালদহ/বারাসত-হাসনাবাদ শাখা: ২০টি ট্রেন বাতিল।
  • চক্ররেল: ২টি ট্রেন বাতিল।

শুধুমাত্র লোকাল ট্রেনই নয়, কয়েকটি দুরপাল্লার ট্রেন বাতিলেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে। এই বাতিলের তালিকায় রয়েছে কলকাতা-পুরী (২৪ অক্টোবর) এবং পুরী  কলকাতা (২৫ অক্টোবর), ডিব্রুগড়-কম্যাকুমারী (২৩ অক্টোবর), কন্যাকুমারী-ডিব্রুগড় (২৩ অক্টোবর) সেকান্দ্রাবাদ-মালদহ (২৪ অক্টোবর), মালদহ-সেকেন্দ্রাবাদ (২৯ অক্টোবর), পুরী-জয়নগর (২৪ অক্টোবর) এবং শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস (২৩ অক্টোবর), পাটনা-পুরী এক্সপ্রেস (২৪ অক্টোবর), শিলচর-সেকেন্দ্রবাদ (২৩ অক্টোবর), বেঙ্গালুরু-মজফফরপুর (২৪ অক্টোবর), মালদহ-দিঘা (২৪ অক্টোবর), দিঘা-মালদহ (২৪ অক্টোবর), আসানসোল-হলদিয়া এবং হলদিয়া-আসানসোল (২৪ ও ২৫ অক্টোবর)।

RELATED Articles