গত শুক্রবার তিনি ছাড়া পেয়েছিলেন এসএসকেএম থেকে। এর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের ডাক পড়ে তাঁর। শনিবারই হাজিরা দিতে বলা হয় তাঁকে। তবে এদিন চিকিৎসকের ‘কমপ্লিট বেড রেস্ট’ প্রেসক্রিপশন ঠেকিয়ে সেই হাজিরা এড়িয়ে যান বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত হাজরা।
এরপর শনিবার সন্ধ্যাতেই ফের একবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চিঠি যায় ‘কেষ্ট’র কাছে। ভোট পরবর্তী মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় তাঁকে। তবে অনুব্রতর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিজিও কমপ্লেক্সে চিঠি দেন তাঁর আইনজীবী।
শনিবার দুপুরে নিজাম প্যালেস থেকে সিবিআইয়ের নোটিশ যায় অনুব্রত মণ্ডলের কাছে। এদিন বিকেল পাঁচটার সময় তাঁকে হাজিরা দিতে বলা হয়। তবে এদিন প্রথমে ই-মেলের মাধ্যমে ও পরে সশরীরে নিজাম প্যালেসে গিয়ে অনুব্রতর আইনজীবী জানান যে অনুব্রত মণ্ডল সবেমাত্র এসএসকেএম থেকে ছাড়া পেয়েছেন। তাঁর শরীরে একাধিক সমস্যা রয়েছে। এই কারণে তাঁকে চিকিৎসক একমাস বিছানায় শুয়ে থাকতে বলেছে। হৃদযন্ত্রে সমস্যার কারণে তাঁকে অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে। এই কারণে সিবিআইয়ের থেকে চার সপ্তাহ সময় চান তিনি।
আর রবিবারও সেই একই কারণ দেখালেন অনুব্রতর আইনজীবী। আজ, রবিবার দুপুর আড়াইটের সময় সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রতর।, ভোট পরবর্তী মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় তাঁকে।
এর আগেও এই মামলায় তাঁকে দু’বার তলব করা হয়েছিল। কিন্তু দু’বারই হাজিরা এড়িয়ে যান তিনি। এবারও তার অন্যথা হল না। চিকিৎসকের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে সারাক্ষণ বিছানাতেই থাকছেন আপাতত তৃণমূল নেতা।





