ফের শহর কলকাতায় মেট্রো দরজা বিভ্রাট৷ আতঙ্কিত যাত্রীরা।

কিছুতেই কাটতে চাইছেনা মেট্রো আতঙ্ক। কলকাতা মেট্রোতে ঘটেই চলেছে একের পর এক ঘটনা। যার জেরে বারবার প্রশ্ন উঠছে মেট্রোর নিরাপত্তা নিয়ে। এবারে ফের বিকল মেট্রোর দরজা। ফলস্বরূপ আতঙ্কে মেট্রো যাত্রীরা।

 

অফিস ফিরতি সময়, ভীড় মেট্রো স্টেশনে আজ ৫ টা ৪১ মিনিট নাগাদ চাঁদনী চক স্টেশনে এসে পৌঁছায় কবি সুভাষ থেকে আসা দমদম গামী মেট্রো। স্বাভাবিকভাবেই মেট্রো স্টেশনে দাঁড়াতেই শুরু হয়ে যায় যাত্রীদের তাড়া। এরমধ্যেই ঘটে যায় বিভ্রাট। মেট্রোটি এসে দাঁড়ালে তার প্রথমের সবকটি দরজা ঠিকঠাক খুললেও পিছনের বগির শেষ দুটি দরজা খুলেই সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়৷ ফলস্বরূপ স্টেশনে দাঁড়ানো যাত্রীরা যেমন মেট্রোতে উঠতে পারেননি তেমনি নামতে পারেননি মেট্রোর ভেতরে থাকা যাত্রীরাও।

স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্কিত মেট্রোর ভিতরে থাকা যাত্রীরা চিৎকার চেচাঁমেচি শুরু করে দেন। তাদের আওয়াজেই ছুটে আসেন স্টেশনে দায়িত্ব প্রাপ্ত আরপিএফ। তিনি এসে চেষ্টা করেন পরিস্থিতি সামাল দেওয়ার। ট্রেনটিকে দাড় করিয়ে রেখে এরপর চলে দরজা খোলার চেষ্টা। মেট্রোটির ভিতরে এতটাই যাত্রীদের চাপ ছিল যে তারা অন্য দরজা ব্যবহার করার সুবিধেও পাননি। শেষে দায়িত্বপ্রাপ্ত আরপিএফ এবং স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীদের প্রচেষ্টায় টেনে খোলা হয় মেট্রোর দরজা। হাফ ছেড়ে বাঁচেন মেট্রোর ভেতরে থাকা যাত্রীরা। এরপর মেট্রোটির দরজা ফের খোলা বন্ধ করার পরীক্ষা করা হয়, সেই পরীক্ষায় আর সমস্যা না হওয়ায় এবং সবকটি দরজা ঠিকঠাক খুলে যাওয়ায় অবশেষে গন্তব্যের দিকে ফের রওনা দেয় ট্রেনটি।

বারবার মেট্রো রেলের নতুন রেক-এর এই প্রযুক্তিগত সমস্যাগুলো প্রশ্ন তুলছে মেট্রোর পরিকাঠামো নিয়ে। ঘটনাটি আজ অফিস ফেরত সময়ে ঘটায় সৃষ্টি হয় স্টেশনে বিশৃঙ্খলা। এরফলে আজ দেরিতে চলে তারপরের কমপক্ষে দুই থেকে তিনটি মেট্রো।

RELATED Articles

Leave a Comment