চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, কালীপুজো নির্বিঘ্নে কাটলেও ভাইফোঁটায় হবে বৃষ্টি, ফের বাড়বে বঙ্গের তাপমাত্রা

সবে একটু একটু করে শীত পড়তে শুরু করেছিল বলে। হালকা হালকা গা শিরশিরানি ভাব অনুভূত হচ্ছিল। শীতের আমেজ গায়ে মাখছিল বঙ্গবাসী। কিন্তু তাতেও বাধা। শীতের পথে এবার কাঁটা হয়ে দাঁড়াল নিম্নচাপ। ফের আবহাওয়া বদলের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে হতে পারে বৃষ্টি। এর জেরে মঙ্গলবার থেকে ফের রাজ্যে তাপমাত্রা বাড়বে।

কী বলছে আবহাওয়া দফতর?

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী সোমবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগর এলাকায় তৈরি হতে চলেছে একটি ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে আগামী বুধবার ও বৃহস্পতিবারের মধ্যে পরিণত হবে নিম্নচাপে। সেই নিম্নচাপ অবস্থান করবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে।

সেই নিম্নচাপ প্রথমে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হবে। পরে আগামী বৃহস্পতিবার এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে।

এই নিম্নচাপ গতি পরিবর্তন করে আসতে পারে উত্তর বঙ্গোপসাগরের দিকে। এর প্রভাবে বুধবার থেকে রাজ্যের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। আগামী শুক্রবার পর্যন্ত এই একই আবহাওয়া জারি থাকবে রাজ্যে।

ইতিমধ্যেই পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নেমেছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। এবার বঙ্গে নিম্নচাপের জেরে মঙ্গলবার থেকে কলকাতা ও সংলগ্ন এলাকায় বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles