ফের হাওড়া শাখায় বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন। শনিবার ও রবিবার ডায়মন্ড হারবার ও বনগাঁ শাখায় একাধিক ট্রেনের গতিবিধিও বদলাচ্ছে। রেলের তরফে জানানো হয়েছে, রক্ষণাবেক্ষণের কাজ ও ট্র্যাফিক ব্লকের জন্যই এই ট্রেন বাতিল ও ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। এর জেরে সপ্তাহান্তে ভোগান্তি বাড়তে চলেছে যাত্রীদের।
যদিও শনি ও রবিবার ট্রেনে অফিস যাত্রীদের ভিড় অনেকটাই কম থাকে। যদিও শহর থেকে শহরতলির একটা বড় অংশের মানুষের কাছে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম এই লোকাল ট্রেন। সেখানে বারবার ট্রেন বাতিলের জেরে যাত্রীদের ভোগান্তি যে বাড়ছে তা স্বীকার করে দুঃখপ্রকাশও করা হয়েছে রেলের তরফে।
২৭ আগস্ট রবিবার যে ট্রেনগুলি বাতিল হয়েছে, সেগুলি হল-
- হাওড়া থেকে ৩৬৮২৫, ৩৬৮২৭
- বর্ধমান থেকে ৩৬৮৪২, ৩৬৮৪৪
- ব্যান্ডেল থেকে ৩৭৫৩৬, ৩৭৫৩৮
- নৈহাটি থেকে ৩৭৫৩৫, ৩৭৫৩৭
অন্যদিকে শনিবার শিয়ালদহ থেকে রুট বদলাচ্ছে ৩৪৮৬০ শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকালে। ডায়মন্ড হারবারের পরিবর্তে মগরাহাট পর্যন্ত যাবে ট্রেনটি। রবিবারও ৩৪৮১১ ডায়মন্ড হারবার – শিয়ালদহ লোকাল ডায়মন্ড হারবারের পরিবর্তে মগরাহাট পর্যন্ত যাবে। ৩৩৮৬৩ শিয়ালদহ – বনগাঁ লোকাল শনিবার বনগাঁর পরিবর্তে চাঁদপাড়া পর্যন্ত যাবে। রবিবার ৩৩৮১২ বনগাঁ-শিয়ালদহ লোকাল বনগাঁর পরিবর্তে চাঁদপাড়া পর্যন্ত যাবে।





