কপিলমুনি আশ্রমের দিকে ধেয়ে আসছে সমুদ্র, আশ্রমের কাছে ভাঙন, বিপদ ঠেকাতে মাস্টারপ্ল্যান সাগরে

কপিল মুনির আশ্রমের কাছে সাগরে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। মন্দির থেকে ১ কিলোমিটার এলাকার মধ্যেই ভাঙন শুরু হয়েছে। আর এর ফলে সাগরমেলার সময় যে অস্থায়ী পুলিশ ক্যাম্প হয়, তা অন্য জায়গায় সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই ভাঙন ঠেকাতে এবার মাস্টারপ্ল্যানের উদ্যোগ নিল সেচ দফতর।

গতবছর মেলার আগে বোল্ডার ফেলে এই ভাঙন রোধের ব‌্যবস্থা করা হয়। কিন্তু এই পাকাপাকিভাবে ভাঙন ঠেকাতে চাইছে দফতর। সেই কারণে এই বিষয়ে আলোচনা করতে গতকাল, শুক্রবার বিধানসভায় দফতরের ইঞ্জিনিয়ারদের নিয়ে জরুরি বৈঠক করেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। শনিবার তিনি এলাকা পরিদর্শনে যাবেন। এদিনই স্থানীয় বিধায়ক ও প্রশাসনকে নিয়ে বৈঠকে বসবেন তিনি। এই দফতরের ইঞ্জিনিয়াররাও থাকবেন।

কী ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে?

সূত্রের খবর, কীভাবে সমুদ্রের করালগ্রাস ঠেকানো যায় তার জন্য তড়িঘড়ি বৈঠকে বসছেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক ও দফতরের ইঞ্জিনিয়াররা। ভাঙন রোধে পাকাপাকি ব্যবস্থা করতে তৈরি করা হবে মাস্টার প্ল্যান। সূত্রের খবর, আসন্ন গঙ্গাসাগর মেলার আগেই বাস্তবায়িত হবে এই মাস্টার প্ল্যান।

কপিল মুনি আশ্রমের যাতে কোনও ক্ষতি না হয়, সেদিকে নজর রেখেই যাবতীয় পরিকল্পনা করছে রাজ্য সরকার। সেচ মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, “কপিলমুনি আশ্রমের যাতে কোনও ক্ষতি না হয়, সেদিকে নজর রাখা হচ্ছে। খেয়াল রাখা হচ্ছে। এটাই এখন আমাদের মূল লক্ষ্য”।

জানা গিয়েছে, বর্তমানে কপিলমুনির আশ্রম থেকে মাত্র ৫০০ মিটার দূরে রয়েছে সমুদ্র। এর আগে থাকা সমস্ত পাড় ভেঙে গিয়েছে। রোজই একটু একটু ভাঙন চলছে। সমুদ্রগর্ভে তলিয়ে যাচ্ছে সবটাই। এই কারণেই ভাঙনের হাত থেকে আশ্রমকে বাঁচাতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করা দরকার বলে মনে করছে সরকার। মাস্টার প্ল্যানের হাত ধরে কী পরিকল্পনা নেওয়া হয়, এখন সেটাই দেখার।

RELATED Articles