ফের একবার উত্তরবঙ্গে রেল দুর্ঘটনা। যে রাঙাপানিতে ভয়াবহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা ঘটেছিল, সেই রাঙাপানিতেই ঘটল ফের আরও এক রেল দুর্ঘটনা। দুর্ঘটনার জেরে লাইনচ্যুত হয়ে গেল ২ বগি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।
দুর্ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের রাঙাপানি স্টেশনে গতকাল, শুক্রবার রাত দশটা নাগাদ। জানা গিয়েছে লুপ লাইনে থাকা মালগাড়ি লাইনচ্যুত হয়ে যায়। তেলের ট্যাঙ্কার ছিল তাতে। সূত্রের খবর, যে সময় এই দুর্ঘটনাটি ঘটে, সেই সময় মেইন লাইনে চলছিল এক্সপ্রেস ট্রেন। সেই কারণে শিলিগুড়ির দিক থেকে আসা মালগাড়িটিকে চালানো হচ্ছিল লুপ লাইনে।
কিছুটা যাওয়ার পর রাঙাপানি স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় মালগাড়ির ২টি বগি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান রেলের আধিকারিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তারা। কিছুক্ষণ বাদে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনার জেরে কিছুক্ষণের জন্য ব্যাহত হয় ট্রেন পরিষেবা। তবে বারবার এভাবে রাঙাপানিতে ট্রেন দুর্ঘটনার জেরে উঠেছে প্রশ্ন। উত্তর-পূর্ব সীমান্ত রেলের শীর্ষ আধিকারিকরা উদ্বেগ প্রকাশ করেছেন এই ঘটনায়।
বলে রাখি, গত ১৭ জুন রাঙাপানিতে ঘটে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় প্রাণ হারান প্রায় ১২ জন। আহত হয়েছিলেন শতাধিক। আবার গত ৩০ জুলাই ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনে জামশেদপুর থেকে ৮০ কিলোমিটার দূরে বডাবাম্বুতে লাইনচ্যুত হয়ে গিয়েছিল হাওড়া-মুম্বই এক্সপ্রেসের ১৮টি কামরা। জা এর মধ্যে ১৬টিই ছিল যাত্রীবাহী বগি। আর বাকি দুটি বগির মধ্যে একটি বিদ্যুৎ সংযোগের কামরা ও অন্যটি প্যান্ট্রি কার। এই ঘটনায় মৃত্যু হয় ২ জনের। আহত হয়েছিলেন একাধিক।
আবার ঠিক এর পরদিনই অর্থাৎ ৩১ জুলাই রাঙাপানিতে ফের ঘটে ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত হয়ে গিয়েছিল একটি মালগাড়ির দুটি বগি। তেল বোঝাই করা মালগাড়ির দুটি বগি রেললাইনের নীচে নেমে গিয়েছিল বলে শোনা গিয়েছিল। তবে সেই দুর্ঘটনায় কোনও বড় ক্ষয়ক্ষতি হয়নি।





