মিথ্যে প্রতিশ্রুতি মমতার, ‘যুবশ্রী প্রকল্প’-এ চাকরি নেই অধিকাংশ বেকারদের, রাজপথে মিছিল

২০১৩ সালে কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে বেশ ঘটা করে যুবশ্রী প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিনই তিনি রাজ্যের বেকার যুবকদের হাতে তুলে দেন ১৫০০ টাকার চেক। এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করেন রাজ্যের বেকার যুবকেরা। সরকারের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয় যে নাম নথিভুক্ত করা যুবকদের চাকরি দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে।

এরপর কেটে গেছে প্রায় সাড়ে সাত বছর। সরকার কথা রাখেনি। চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরও রাজ্যের এখনও কয়েক হাজার যুবক বেকার। ‘যুবশ্রী প্রকল্প’-এ নাম নথিভুক্ত করানোর পরেও বেশিরভাগ মানুষই চাকরি পান নি। এই নিয়ে মানুষ আগেও সরব হয়েছেন। এবার ফের একবার এই দুর্নীতির বিরুদ্ধে রাজপথে মিছিলে নামলেন এ প্রকল্পে নাম নথিভুক্ত করা যুবকেরা।

এদিন, নিজেদের দাবী জানাতে ও সবার চাকরি নিশ্চিত করতে মিছিল করে ‘অল বেঙ্গল ইয়ুথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’। শিয়ালদয়া থেকে শুরু হয় এই মিছিল। তাদের মূল দাবী, ৮ বছর আগে মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা তিনি পূরণ করেন নি। যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করা বেশিরভাগ যুবকই কোনও চাকরি পান নি এখনও পর্যন্ত। তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রী তাদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভুলিয়ে রেখেছেন।

এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আজ কলকাতার রাস্তায় বিক্ষোভে সামিল হয়েছেন রাজ্যের শ’য়ে শ’য়ে যুবক। তারা জানান, তারা এই ঘটনা নিয়ে আগেও রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিবাদ করেছেন। আজ, বিভিন্ন জেলার যুবকেরা একত্র হয়ে কলকাতায় বৃহৎ মিছিল করেছেন। তাদের হুঁশিয়ারি, তাদের দাবী যদি পূরণ না হয়, তবে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন।

RELATED Articles