টাকার লোভ দেখিয়ে নাকি বিজেপিতে টানা হচ্ছে মহিলাদের, এমনটাই অভিযোগ উঠল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তোলপাড়। সত্যিই কী মহিলাদের টাকার টোপ দিচ্ছে বিজেপি?
দেশজুড়ে বিজেপির সদস্যপদ সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গত ২৭ অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় এসে সেই অভিযানের সূচনা করেন। সেই কর্মসূচি থেকেই তিনি বলেছিলেন, “বাংলা থেকেই বিজেপির শুরু। বাংলার কার্যকর্তাদের উপর পুরো ভরসা আছে। কথা দিচ্ছি ২০২৬ বাংলা নরেন্দ্র মোদী সরকারের হবে”।
তিনি এও বলেছিলেন, “সোনার বাংলা গড়তে বিজেপিতে যোগ দিন। ২৬-এ বিজেপিকে রোখা যাবে না। বাংলার মসনদ আমরাই দখল করব”।
গতকাল, সোমবার কাটোয়ার দলের সদস্যপদ সংগ্রহের অভিযান কর্মসূচিতে অংশ নেন। এদিন শাহ্’র কথার সূত্র ধরেই তিনি বলেন, “অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পেতে গেলে পূরণ করতে হবে ভারতীয় জনতা পার্টির ফর্ম”। তাঁর এই মন্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
শুধু তাই-ই নয়, এদিন দলের কর্মীদের উদ্দেশেও সুকান্ত মজুমদারকে বলতে শোনা যায়, “এই সদস্যপদ অভিযানকে আন্দোলনের পর্যায়ে নিয়ে যেতে হবে। মনে রাখবেন এখন পর্যন্ত যে ১৩ কোটি মেম্বারশিপ হয়েছে তা কিন্তু নরেন্দ্র মোদী একা বা রাজ্যের রাজ্য সভাপতিরা একা করেনি। করেছেন কর্মীরা। তাই আরও বেশি মানুষের কাছে যান। বিশেষত, মহিলাদের গিয়ে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকার কথা বলুন”।
আরও পড়ুনঃ কিঞ্জল নন্দের শ্বশুরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, ‘ধর্ষকের পক্ষ নেওয়া হচ্ছে’, অভিযোগ জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে
সুকান্তের এই মন্তব্যকেই কটাক্ষ করে শাসক শিবির। বিজেপিকে একহাত নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “বাংলার মানুষ বিজেপিকে ভালো করে বুঝে গিয়েছে। কুৎসা করে বাংলা দখল করতে না পেরে এখন টাকার প্রলোভন দেখাচ্ছে। এসব করেও মানুষকে বিভ্রান্ত করতে পারবে না। ২৬ সালেও ওদের বাংলা দখলের স্বপ্ন পূরণ হবে না”।





