কিঞ্জল নন্দের শ্বশুরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, ‘ধর্ষকের পক্ষ নেওয়া হচ্ছে’, অভিযোগ জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে

আর জি কর কাণ্ডের আন্দোলনের অন্যতম মুখ কিঞ্জল নন্দ। তিনি আর জি করেরই পড়ুয়া। আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-মৃত্যুর ঘটনায় প্রথম থেকেই সুর চড়িয়েছেন তিনি। এবার তাঁর শ্বশুরের বিরুদ্ধেই যৌন হেনস্থার অভিযোগ সামনে এল। এরপর থেকেই এই নিয়ে শুরু হয়েছে চর্চা।

এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা দ্বিধাবিভক্ত। একদিকে রয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। আর এদের পাল্টা আবার এক সংগঠন তৈরি করেছে জুনিয়র চিকিৎসকদের একাংশ। নাম ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। আর জি করের থ্রেট কালচারে অভিযুক্ত জুনিয়র চিকিৎসকরা এই সংগঠনের অংশ। এবার এই সংগঠনের তরফেই কিঞ্জল নন্দের শ্বশুরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ সামনে আনা হল।   

আসলে ঘটনার সূত্রপাত গতকাল, সোমবার। এদিন আর জি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে শিয়ালদহ আদালতে তোলা হয়েছিল। এদিন আদালত থেকে বেরিয়ে প্রিজন ভ্যানে ওঠার সময় সঞ্জয় সাংবাদিকদের সামনে দাবী করে, তাঁকে নাকি সরকার ফাঁসাচ্ছে। সে নির্দোষ। সে এও জানায়, ডিপার্টমেন্ট তাকে চুপ থাকতে বলেছে। এরপরই তার এহেন দাবীর প্রেক্ষিতে কিঞ্জল নন্দ প্রশ্ন তুলেছিলেন, “সঞ্জয় রায়কে কে বা কারা ফাঁসাল? কেন ফাঁসাল? এর উদ্দেশ্য কী”?

এরপরই কিঞ্জল ও জুনিয়র ডক্টরস ফ্রন্টকে আক্রমমণ করে জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের অতনু বিশ্বাস বলেন, “ঘটনার দিন আরজি কর হাসপাতালের সিসিটিভি ফুটেজে সঞ্জয় রায়কে দেখা গিয়েছিল। তাহলে তাকে আড়ালের চেষ্টা কেন করছেন কিঞ্জলরা”? তিনি এও বলেন, “শ্বশুরের বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। ফলে ওদের পক্ষে ধর্ষকের সমর্থন করার ঘটনা খুবই স্বাভাবিক”।

প্রসঙ্গত, ২০১৪ সালে কিঞ্জল নন্দের শ্বশুর ডঃ প্রসন্ন কুমার ভট্টাচার্যের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের হয়েছিল গড়িয়াহাট থানায়। অভিযোগ ছিল, রাসবিহারী অ্যাভিনিউয়ের এনজি মেডিকেয়ারের চিকিৎসাকেন্দ্রে এই যৌন হেনস্থার ঘটনা ঘটেছিল। জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের দাবী, সেই সময় নাকি প্রসন্ন কুমার ভট্টাচার্য এই মামলাটি ধামাচাপা দিতে চেয়েছিলেন।

তবে ২০১৫ সালে অভিযুক্ত প্রসন্ন কুমার ভট্টাচার্যের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় পুলিশ। তৎকালীন ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় মামলা রুজু হয়েছিল। সেই মামলার শুনানি এখনও চলছে। সেই প্রেক্ষিতেই এবার কিঞ্জল নন্দের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের দাবী, “আর জি কর কাণ্ডের নির্যাতিতা বা নিজের শ্বশুরকে বেছে নিক কিঞ্জল”।

আরও পড়ুনঃ স্বামীর সঙ্গে ঝগড়া-রাগারাগি, মনোমালিন্য মিটিয়ে দেওয়ার নামে গৃহবধূকে গণধর্ষণ স্বামীরই তিন সহকর্মী যুবকের

তবে এই বিষয়ে যদিও কিঞ্জলের কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও পর্যন্ত। তবে জুনিয়র ডক্টরস ফ্রন্টের দাবী, আর জি করের নির্যাতিতার সঠিক বিচারের দাবীর মুখ ঘোরাতেই এমন কুৎসা করা হচ্ছে।

RELATED Articles