দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠল। গত বছরই খড়গপুর আইআইটি-তে এক ছাত্রের মৃত্যুর জেরে বেশ অস্বস্তিতে পড়েছিল কলেজ কর্তৃপক্ষ। এবার ফের উঠল র্যাগিংয়ের অভিযোগ। প্রতিষ্ঠানের তরফেই অভিযোগ করা হয়েছে থানায়। তদন্ত শুরু করেছে পুলিশ।
কী ঘটেছে গোটা ঘটনাটি?
জানা গিয়েছে, অ্যান্টি র্যাগিং পোর্টালে ক্যাম্পাসে র্যাগিংয়ের বিষয়ে জানিয়ে অভিযোগ করেছিল খড়গপুর আইআইটি-র এক পড়ুয়া। অভিযোগকারী পড়ুয়ার নাম নেই সেখানে। কার বা কাদের বিরুদ্ধে সেই অভিযোগ, সেই নামও ছিল না। এই অভিযোগ পাওয়ার পরই ইউজিসি-র তরফে একটি চিঠি দেওয়া হয় খড়গপুর আইআইটি কর্তৃপক্ষকে।
এই চিঠি পাওয়ার পর খড়গপুর টাউন থানায় অভিযোগ করে মামলা রুজু করে আইআইটি কর্তৃপক্ষ। অভিযোগ, তৃতীয় ও চতুর্থ বর্ষের পড়ুয়ারা র্যাগিং করে দ্বিতীয় বর্ষের থার্ড সেমিস্টারের এক পড়ুয়াকে। সারারাত ধরে নাচ করতে ও খেলতে বাধ্য করা হয় ওই পড়ুয়াকে। ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩২৩, ৫০৬, ৩৪ ও পশ্চিমবঙ্গ র্যাগিং আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে,
এই মামলা রুজু হওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। গতকাল, বৃহস্পতিবার আইআইটি কর্তৃপক্ষের তরফে এক প্রেস রিলিজ দেওয়া হয়, সেখানে জানানো হয়েছে গত ৮ নভেম্বর ইউজিসি-তে অ্যান্টি র্যাগিংয়ের পোর্টালের মাধ্যমে একটি অভিযোগ দায়ের করা হয়। ইউজিসি থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করেই খড়গপুর টাউন থানায় এফআইআর দায়ের করা হয়েছে। কোনও ধরণের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, এর জন্য আবাসনের হলগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরালো করা হয়েছে।
জানা গিয়েছে, প্রতিষ্ঠানের ডিন, অ্যাসোসিয়েট ডিন অন্যান্যরা আবাসনের হলগুলি পরিদর্শন করেছেন। এছাড়াও, র্যাগিংয়ের অভিযোগ থাকলে ঠিক কী করতে হবে, তা জানিয়েও একটি বিশেষ নথি পাঠানো হয়েছে ১৬ হাজার পড়ুয়ার কাছে। তাদের সচেতন করার জন্যই এই পদক্ষেপ।





