৮০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিধিলি, প্রবল দুর্যোগের আশঙ্কা বঙ্গে, উপকূলের জেলাগুলি ভাসবে বৃষ্টিতে

আবহাওয়া দফতরের পূর্বাভাসই সত্যি হল। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড় মিধিলিতে। ক্রমেই তা ধেয়ে আসছে ওড়িশা ও বাংলার উপকূলের দিকে। এর জেরে আজ, শুক্রবার বাংলার উপকূলের জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘূর্ণিঝড়টি রয়েছে দিঘা থেকে ২০০ কিলোমিটার দূরে দক্ষিণ ও দক্ষিণ পূর্বে।

কী জানাচ্ছে হাওয়া অফিস?

হাওয়া অফিস সূত্রে খবর, আজ, শুক্রবার এই নিম্নচাপ ভুবনেশ্বর ও বালাসোরের মাঝামাঝি পারাদ্বীপ উপকূলের কাছাকাছি এসে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এরপর এই ঘূর্ণিঝড় এগিয়ে যাবে উপকূল বরাবর উত্তর ও উত্তর-পূর্ব অর্থাৎ বাংলাদেশের দিকে। শুক্রবার রাত অথবা শনিবার খুব সকালের দিকে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের সুন্দরবন এলাকায় প্রবেশ করতে পারে।

জানা গিয়েছে, খেপু পাড়া ও মংলার মাঝামাঝি প্রবেশের সময় এই ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৮০-৮৫ কিলোমিটার। এর প্রভাবে বাংলায় দিনভর আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। শনিবার পর্যন্ত চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। ইতিমধ্যেই কোথাও কোথাও বৃষ্টি শুরুও হয়ে গিয়েছে।

বঙ্গের কোথায় কোথায় হবে বৃষ্টি?

জানা গিয়েছে, আজ, শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর ও হাওড়া জেলার কিছু অংশে মাঝারি বৃষ্টি হতে পারে। আবার পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল, শনিবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। এই দুর্যোগের কারণেই মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles