ঠাকুরনগরে বাঁধা মঞ্চেই হবে সভা, যে কোনও দিন আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী, মুকুল ও শান্তনু ঠাকুরকে ফোন অমিত শাহ্’র

মঞ্চ খোলার কোনও দরকার নেই। মঞ্চ যেমন বাঁধা রয়েছে থাক, ওই মঞ্চেই হবে সভা। কয়েকদিনের মধ্যেই ওই বাঁধা মঞ্চেই সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমন কথা খোদ নিজেই শান্তনু ঠাকুর ও কৈলাস বিজয়বর্গীয়কে ফোন করে জানিয়েছেন তিনি। এক সাংবাদিক বৈঠকে এমনটাই দাবী করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়।

এদিন কৈলাস বিজয়বর্গীয় ও শান্তনু ঠাকুরকে সঙ্গে নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেম মুকুল রায়। এখানেই তিনি বলেন “ঠাকুরবাড়ির মাঠে আজ অমিতজির আসার কথা ছিল। কিন্তু আন্তর্জাতিক সমস্যার কারণে তিনি এখানে আসতে পারেননি। তবে আপনারা তৈরি থাকুন। যে কোনও দিন ঠাকুরনগরে সভা হবে। মঞ্চ যেমন বাঁধা রয়েছে, তেমনই থাক। কবে সভা হবে, তা  ২৪ ঘণ্টা আগেই জানিয়ে দেওয়া হবে। শান্তনু ঠাকুর ও কৈলাস বিজয়বর্গীয়কে ফোন করে একথা জানিয়েছেন অমিত শাহ”। মুকুলবাবু এও বলেন যে, মঞ্চ খোলার কোনও দরকার নেই। অমিত শাহ আগামী ২৪ থেকে ২৬ ঘণ্টার মধ্যেও চলে আসতে পারেন।

এদিন বৈঠকে এই একই সুর শোনা গেল শান্তনু ঠাকুরের গলাতেও। তাঁর কথায়, “দূতাবাসের সামনে বিস্ফোরণের কারণে উনি আজ আসতে পারেননি। কিন্তু উনি সময় পেলেই চলে আসবেন”। একই সঙ্গে বেশ স্পষ্টভাবেই শান্তনু ঠাকুর জানান যে মতুয়াদের নাগরিকত্বের জন্য সিএএ অত্যন্ত প্রয়োজন।

প্রসঙ্গত, আজ ঠাকুরনগরে ঠাকুরবাড়ির মাঠে অমিত শাহ্‌’র সভা হওয়ার কথা ছিল। এদিন সভা থেকে তিনি মতুয়াদের জন্য নাগরিকত্ব বিল লাগু হওয়া প্রসঙ্গে বার্তা দিতেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেই অনুযায়ী দূর দূরান্ত থেকে মতুয়ারা ঠাকুরনগরে আসেন। মঞ্চও বাঁধা হয়ে গিয়েছিল, এমনকি চেয়ার পাতাও হয়ে গিয়েছিল বলে খবর রয়েছে। ‘

কিন্তু গতকাল বিকেলে দিল্লি ইজরায়েল দূতাবাসের সামনে আইইডি বিস্ফোরণ ঘটে। এই কারণে শেষ মুহূর্তে শুক্রবার রাতেই অমিত শাহ্‌’র দু’দিনের রাজ্য সফর বাতিল হয়ে যায়। এই অবস্থায় ঠাকুরনগরে অমিত শাহ্‌’র সভার কর্মসূচী কী হবে, এ নিয়ে উদ্বেগ বাড়ে। তবে সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, আজ ঠাকুরনগরের সভা স্থগিত রাখা হলেও খুব শীঘ্রই সেখানে কর্মসূচী হবে, এমনটাই জানান মুকুল রায়। তিনি ও কৈলাস বিজয়বর্গীয় আজ ঠাকুরনগরে গিয়ে শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠকে বসেন। এরপর সাংবাদিক বৈঠকে অমিত শাহ্‌’র ফোনের কথা উল্লেখ করে ফের সভা হওয়ার কথা বলেন মুকুল রায়।

RELATED Articles