WB Election 2021: আজ রাজ্যে অমিত শাহ, সভা করবেন কোচবিহার ও ঠাকুরনগরে, নিশানায় মতুয়া ও রাজবংশী

গতবার ডুমুরজোলাতে ভারচুয়ালি সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগের দিন ঠাকুরনগরে মতুয়াদের সভাতেও উপস্থিত থাকতে পারেননি তিনি। দিল্লিতে বিস্ফোরণের কারণে বাতিল হয়ে যায় তাঁর সফর। তবে আজ, বৃহস্পতিবার ফের রাজ্যে আসছেন শাহ। এবার শুধু মতুয়াদের জন্য সভা নয়, বিজেপির পরিবর্তন যাত্রারও সূচনা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে, রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে যে গত লোকসভা ভোটে মতুয়াদের পাশাপাশি রাজবংশীদের ভোটেরও প্রভাব পড়েছিল গেরুয়া শিবিরে। এই কারণে রাজবংশীদেরও তালিকা থেকে কোনওমতেই বাদ দেওয়া যাচ্ছে না। তাই আজ একইদিনে কোচবিহার ও ঠাকুরনগর, দু’জায়গাতেই সভা করবেন শাহ।

ঠাকুরনগরে মঞ্চ প্রস্তুতই ছিল। সেই মঞ্চেই আজ সভা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সিএএ নিয়ে বার্তা দেবেন মতুয়াদের। তাদের নাগরিকত্ব নিয়ে কী কথা হয় আজ সভায়, সেদিকেই তাকিয়ে মতুয়ারা। আগের মাসেই এই নিয়ে ঠাকুরনগরে সভা করার কথা ছিল শাহ্‌’র। কিন্তু তাঁর সফরের আগের দিনই দিল্লির ইজরায়েল দূতাবাসের সামনে ঘটে বিস্ফোরণ। এই কারণে তাঁর সফর বাতিল হয়ে যায়। এই কারণে অসন্তোষ প্রকাশ করেন মতুয়ারা। তবে মুকুল রায় সাংবাদিক সম্মেলন করে বিষয়টি সামলে নেন। বলেন, অমিত শাহ দিল্লি থেকে কৈলাস বিজয়বর্গীয় ও শান্তনু ঠাকুরকে ফোন করে আশ্বাস দিয়েছেন যে তিনি আবার আসবেন। সেই কথা মতোই দশদিন পর অর্থাৎ আজ ফের বাংলায় শাহ।

জানা গিয়েছে, এদিন অসম হয়ে বাংলায় আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ্‌’র সভার জন্য ঠাকুরনগরে প্রস্তুতি তুঙ্গে। নাগরিকত্ব নিয়ে মতুয়াদের কী প্রতিশ্রুতি দেন শাহ, এখন সেটাই দেখার।

তাঁর এই সফরে বাদ পড়বে না রাজবংশীরাও। এদিন কোচবিহার হয়েই ঠাকুরনগর আসবেন শাহ। কচবিহারে মদনমোহন মন্দিরে পুজো সিয়ে রাসমেলায় যাবেন। এরপর সেখানে সূচনা করবেন বিজেপির পরিবর্তন রথযাত্রার। উত্তরবঙ্গে রাজবংশীদের ‘নারায়ণী রেজিমেন্ট’ তৈরির দাবী উঠেছে। এই নিয়ে দলের সাংসদ নিশীথ প্রামাণিককে চিঠি দিয়েছেন শাহ।

RELATED Articles