ভারত ও ইংল্যান্ডের মধ্যে চার টেস্টের সিরিজ শুরু হতে চলেছে আগামী ৫ ফেব্রুয়ারি থেকে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে সিরিজের প্রথম দুটি ম্যাচ খেলা হবে। এই ম্যাচের আগে উভয় দলকে ছয় দিনের কঠোর কোয়ারান্টাইন পালন করতে হয়েছিল। উভয় দলের খেলোয়াড়দের কোভিড- ১৯ টেস্টের রিপোর্ট নেতিবাচক এসেছে। ভারতীয় দলের অনুশীলনের কয়েকটি ছবি ভারতীয় ক্রিকেট দলের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে শেয়ার করা হয়েছে। এই ছবিগুলিতে অধিনায়ক বিরাট কোহলি, পেস বোলার ইশান্ত শর্মা এবং টিম ইন্ডিয়ার কোচিং স্টাফকে দেখা যাচ্ছে।
কন্যার জন্মের পর এই সিরিজ থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা তাদের মেয়ের নাম ভামিকা রেখেছেন। অনুষ্কা আজ ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন, এই সুন্দর ছবিতে বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার পাশাপাশি তাঁদের মেয়েও রয়েছে। এই প্রথমবার তারা তাদের মেয়ের ছবি শেয়ার করলেন, তবে ছবিতে মেয়ের মুখ দেখা যাচ্ছে না।
বাবা হওয়ার পর নিজের টুইটারের বায়ো পরিবর্তন করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত চার টেস্টের সিরিজের প্রথম টেস্ট ম্যাচে খেলে পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরেছিলেন বিরাট কোহলি। অজিঙ্ক রাহানের অধিনায়কত্বে কোহলির অনুপস্থিতিতে ভারত অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হারায়।





