WB Election 2021: ঠাকুরনগরের মতুয়াদের মন জিততে অমিত শাহ’র আসার নির্ঘণ্ট প্রকাশ করলেন সাংসদ শান্তনু ঠাকুর 

মতুয়া ভোট বাংলা বিধানসভায় বড় ফ্যাক্টর হতে চলেছে। আগের বার দিল্লিতে বিস্ফোরণের জেরে অমিত শাহ্’র বঙ্গ সফর বাতিল হয়। সেইসঙ্গে বাতিল হয়ে যায় ঠাকুরনগরের সভাও। এরপর থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন কি আসবেন না সেই নিয়ে চলছিল চাপানউতোর। আর এবার সেই বিভ্রান্তি দূর করলেন খোদ বনগাঁর সাংসদ তথা ঠাকুর পরিবারের সদস্য শান্তনু ঠাকুর। ভারতীয় রাজনীতির চাণক্যের ঠাকুরনগর আসার দিনক্ষণ ঘোষণা করলেন তিনি l

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দলের সঙ্গে সমস্যা তৈরি হয় বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের। এমনকি দলের বিরুদ্ধে ক্ষোভও প্রকাশ করেছিলেন শান্তনু। তাঁর বক্তব্য ছিল, মতুয়াদের নাগরিকত্ব দেওয়া ও সিএএ নিয়ে কেন‌ও কোনও স্পষ্ট ঘোষণা করছে না দল। মতুয়ারা চান, অমিত শাহ্ এসে এই বিষয়ে একটা স্পষ্ট বার্তা দিন।

সেই নিয়েই গত ৩০শে জানুয়ারি ঠাকুরনগরে অমিত শাহ্’র সভা হওয়ার কথা ছিল। সেই সভা বাতিল হয়। এরপরই বিরোধীরা সুর চড়ায় সিএএ নিয়ে অমিত কিছু বলতে চাইছেনা না। তাই সভা বাতিল করেছেন তিনি। সেই জল্পনায় জল ঢেলে দিলেন শান্তনু ঠাকুর।

শনিবারই দিল্লি থেকে ফিরেছেন শান্তনু। রাজধানী থেকে ফিরেই এক সাংবাদিক সম্মেলনে শান্তনু জানিয়েছেন, আগামী ১১ই ফেব্রুয়ারি ঠাকুরনগরে আসছেন অমিত শাহ। সভা করবেন বিকেল সাড়ে তিনটে নাগাদ। সিএএ নিয়ে এদিন কোনও সদার্থক বার্তা দিতে পারেন তিনি। গত ৩০ জানুয়ারি ঠাকুরনগরে অমিত শাহর সভা বাতিল হয়। তার পর থেকে সেই মঞ্চ খোলা হয়নি। ১১ তারিখ অমিত শাহর সভা হবে সেই মঞ্চেই।

RELATED Articles