হাইভোল্টেজ ফেব্রুয়ারি! একই মাসে রাজ্যে নাড্ডা-মোদী-শাহ্! বঙ্গের মসনদ দখলের লক্ষ্যে একুশের নির্বাচনের আগে নিজেদের পুরনো এবং পরীক্ষিত রথযাত্রার রাজনীতিতেই বিশ্বাস রাখছে গেরুয়া শিবির।
তবে রাজ্যে রথযাত্রার করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের অনুমতি এখনও মেলেনি। যদিও বাংলায় বিজেপির রথযাত্রা হবেই, সূত্র মারফত তা আগেই জানা গিয়েছিল। দিল্লিতে কোর কমিটির বৈঠক শেষে মঙ্গলবার কৈলাস বিজয়বর্গীয় জানালেন, ৬ই ফেব্রুয়ারি বাংলায় পরিবর্তন রথযাত্রার সূচনা করবেন জেপি নাড্ডা। কোচবিহারে মেগা রথযাত্রার সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির চাণক্য অমিত শাহ্।
বাংলায় রথযাত্রা কবে থেকে শুরু করা হবে তা নিয়ে দীর্ঘদিন যাবৎই আলাপ আলোচনা চলছিল। কিছুদিন আগে সম্ভাব্য দিনক্ষণও জানা গিয়েছিল। প্রকাশ্যে এসেছিল রুটও। পাশাপাশি রাজ্য অনুমতি দেবে কি না, তা নিয়ে টানাপোড়েন জারি। এসবের মাঝে মঙ্গলবার দিলীপ ঘোষের দিল্লির বাড়িতে কোর কমিটির বৈঠক শেষে রথযাত্রার সূচি জানালেন রাজ্যে বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।
সূত্রের খবর, আগামী ৬ই ফেব্রুয়ারি রাজ্যে আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনিই উদ্বোধন করবেন রথযাত্রা কর্মসূচির। ফেব্রুয়ারির ১০ তারিখে দু’দিনের সফরে বাংলায় আসবেন অমিত শাহ্। ১১ তারিখ কোচবিহারে থাকবেন তিনি। সেখানে রথযাত্রার সূচনা করবেন।
মতুয়া সম্প্রদায়ের মন জেতাও বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপির অন্যতম লক্ষ্য। আর তাই বঙ্গ সফরে এসে ঠাকুরনগরেও সভা করবেন শাহ্।





