নীলবাড়ির লড়াইয়ের আরও এক নাম হল নন্দীগ্রাম। এখন রাজ্য রাজনীতিতে একটা কথা বেশ শোনা যাচ্ছে যে, ‘নন্দীগ্রাম যার, নীলবাড়ি তার”। আজ, বুধবার নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী শুক্রবার, শুভেন্দু অধিকারীও বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেবেন। এদিন তাঁর সঙ্গে থাকতে পারেন বাবুল সুপ্রিয় ও স্মৃতি ইরানি।
নন্দীগ্রামকে এই নির্বাচনে বরাবরই গুরুত্ব দিয়ে এসেছে গেরুয়া দল। এই কারণে পূর্ব মেদিনীপুরে ফের একবার সভা করতে উদ্যোগী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ঠিক নন্দীগ্রামে নয়, তিনি সভা করবেন কাঁথিতে। তবে নন্দীগ্রামেও সভা করার জন্য হেভিওয়েট কোনও নেতাকে আনতে চাইছিল বিজেপ। এবার শোনা যাচ্ছে, আগামী ১৫ এবং ১৯শে মার্চ পরপর দুটি বাংলা সফর করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর মধ্যেই একটি দিনে নন্দীগ্রামে সভা করবেন তিনি।
আরও পড়ুন- একঝাঁক বিধায়ক, মন্ত্রী সহ অভিনেতা বনি সেনগুপ্ত যোগ দিলেন বিজেপিতে! এবার শুরু কৌশানীর বিরুদ্ধে লড়াই?
এরই সঙ্গে এও জানা গিয়েছে যে তেখালির মাঠে হবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা আদিত্যনাথ যোগীর সমাবেশ। এই মাঠ মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম নন্দীগ্রামে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেছিলেন। এবার রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে যে, হিন্দুভোটের জন্যই কি তবে যোগীকে নন্দীগ্রামে আনতে চাইছে বিজেপি? ইতিমধ্যেই, নন্দীগ্রামে হিন্দু-মুসলিম বিভাজন নিয়ে চর্চা শুরু হয়েছে। এই এলাকায় দু’লক্ষের মতো হিন্দু রয়েছে, আর মুসলিম ভোট রয়েছে ৬০ হাজারের মতো। এই কারণেই এই এলাকা থেকে হিন্দু ভোটের উপর বেশি জোর দিচ্ছে গেরুয়া শিবির।
কিছুদিন আগেই তৃণমূল ভোটকুশলী প্রশান্ত কিশোরকে বিঁধে শুভেন্দু বলেন, “মাননীয়া ৫০০ কোটি টাকা দিয়ে বুদ্ধি ভাড়া করেছেন। তিনি এমনটা বলছেন যে বিজেপি মানে আমরা ৭০ শতাংশ। তা হলে নন্দীগ্রামে হয়ে যাক। ৭০ শতাংশ বনাম ৩০ শতাংশ”। সেই জবাবেই মমতা নন্দীগ্রামের সভতে গিয়ে বলেন, “আমার সঙ্গে হিন্দু কার্ড খেলতে আসবেন না। আমার সঙ্গে হিন্দুত্ব নিয়ে প্রতিযোগিতা করবেন নাকি”।
আরও পড়ুন- ভোটের টিকিট পাওয়ার ৫ দিন পরও বেপাত্তা তৃণমূল প্রার্থী, অস্বস্তিতে শাসকদল
তবে হিন্দুর ভাবাবেগকে যে দুই পক্ষই কাজে লাগাতে চাইছে, তা বেশ স্পষ্ট। জানা গিয়েছে, মমতা আগামীকাল শিবরাত্রির ব্রত পালন করে স্থানীয় শিব মন্দিরে শিবলিঙ্গে জল ঢালবেন। তিনিও যে হিন্দু আবগকে ছুঁতে চাইছেন, তা বলাই বাহুল্য।





