গল্প হলেও সত্যি! ২৭০ টাকায় লটারির টিকিট কেটে রাতারাতি কোটিপতি গরীব অ্যাম্বুলেন্স চালক

স্বপ্নও তাহলে মাঝেমধ্যে সত্যি হয়। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই কোটিপতি হয়ে গেলেন পূর্ব বর্ধমানের এক গরীব অ্যাম্বুলেন্স চালক। নাম শেখ হীরা। লটারির পুরস্কার জিতে নিজেও হতবাক তিনি। নিজেও বিশ্বাস করতে পারছিলেন না যে এমনটাও ঘটেছে।

২৭০ টাকা দিয়ে একটি লটারির টিকিট কিনেছিলেন শেখ হীরা। সেই টিকিতের পুরস্কার মূল্য ছিল এক কোটি টাকা। সন্ধ্যেবেলা খেলা হয়। আর খেলার শেষে নিজেই হতভম্ব হয়ে যান হীরা। দেখেন। তিনিই জিতেছেন এক কোটি টাকা। রাতারাতি ভাগ্য খুলে যায় তাঁর।

তবে একসঙ্গে এত টাকা পেয়ে বেশ নিরাপত্তাহীনতায় ভুগছিলেন হীরা। লটারির টিকিট যদি কোনওভাবে হারিয়ে ফেলেন, সেই ভয়ও ছিল তাঁর মনে। এই কারণে কাউকে একথা যা জানিয়েই তিনি চলে যান শক্তিগড় থানায়। সেখানকার পুলিশ আধিকারিকদের সমস্ত কথা খুলে বলেন। পুলিশ তাঁকে বাড়ি পৌঁছে দেয় ও তাঁর বাড়ির সামনে নিরাপত্তারক্ষীর ব্যবস্থাও করে দেয়।

পুরস্কারের টাকা নিয়ে কী করবেন হীরা?

তিনি জানান যে তাঁর মা দীর্ঘদিন ধরে অসুস্থ। এই টাকা দিয়ে তিনি মায়ের ভালোভাবে চিকিৎসা করাবেন। নিশ্চিতভাবে তাঁর মা সুস্থ হয়ে উঠবেন। আর হীরার অনেকদিনের ইচ্ছে একটি সুন্দর বাড়ি বানানোর। সেই শখও পূরণ করবেন এবার। পুরস্কারের টাকা নিয়ে আর কী কী করবেন, এখনও ঠিকমতো ভেবে উঠতে পারেন নি হীরা, এমনটাই জানান তিনি।

লটারি জেতার পর হীরা বলেন, “বহুদিন ধরেই কম-বেশি লটারির টিকিট কাটি। স্বপ্ন দেখতাম আমি একদিন জ্যাকপট পেয়ে কোটিপতি হয়ে যাব। শেষ পর্যন্ত ভাগ্যদেবী আমার ওপরে সদয় হলেন”।

অন্যদিকে, যে দোকান থেকে হীরা লটারির টিকিটটি কেটেছিলেন, সেই দোকানী শেখ হানিফ বলেন, “আমার বহু বছর ধরে টিকিটের ব্যবসা। অনেকেই কম-বেশি পুরস্কার পান। কিন্তু, আমার দোকান থেকে টিকিট কেটে কেউ জ্যাকপট পাননি। আমার দোকান থেকে জ্যাকপট বাঁধায় আজ খুব খুশি”।

আরও অন্যান্য খবর