টিকা নিতে গিয়ে খোয়াতে হল প্রাণ, বেনিয়মের প্রতিবাদ করায় সিভিক ভলান্টিয়ারদের মারে মৃত্যু বৃদ্ধের, অভিযোগ অস্বীকার এসপির

গিয়েছিলেন টিকা নিতে। কিন্তু এর জেরে প্রাণটাই চলে গেল। টিকার লাইনে বেনিয়মের প্রতিবাদ করায় সিভিক ভলান্টিয়ারদের হাতে মারের চোটে মৃত্যু হল এক বৃদ্ধের। কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করলেন পুলিশ সুপার। তাঁর কথায়, “অসুস্থতার কারণেই বৃদ্ধের মৃত্যু হয়েছে”। এই ঘটনায় স্বচ্ছ তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি।

ঘটনাটি ঘটেছে গতকাল, বৃহস্পতিবার। জানা গিয়েছে, ওই বৃদ্ধ মালদা জেলার চাঁচল ২ নম্বর ব্লকের ধানগাড়া ২ নম্বর পঞ্চায়েতের বাসিন্দা। নাম আরজাউল হক। বয়স ৬৮ বছর। এদিন বাড়ি থেকে কিছুদূরে বিশনপুরে একটি টিকাকরণ শিবিরে টিকা নিতে যান তিনি।

কিন্তু অভিযোগ, সেখানে টিকার লাইনে তখন আইন ভেঙে সিভিক ভলান্টিয়াররা নিজেদের পরিচিতদের ঢুকিয়ে দিচ্ছিলেন। এর প্রতিবাদ করলে তাঁকে টানতে টানতে লাইন থেকে বার করে নিয়ে ব্যাপক মারধর করে সিভিক ভলান্টিয়াররা। এরপরই মৃত্যু হয় ওই বৃদ্ধের।

এদিনের এই ঘটনায় মালদার পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, “ওই বৃদ্ধ আগে থেকেই অসুস্থ ছিলেন। অসুস্থতার জন্যই মৃত্যু হয়েছে তাঁর। ওখানে টিকাকরণ চলছিল। কয়েকজন লাইনে অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে পড়েন। তার মধ্যে কয়েকজন টিকাকরণ কেন্দ্রের গেটে লাথি মারতে থাকেন। তখন এক সিভিক ভলান্টিয়ার উত্তেজিত হয়ে ঘুসি চালিয়ে দেন”।

পুলিশ সুপার আরও জানান, “এই ঘটনায় সিভিক ভলান্টিয়ার জড়িত বলে অনেকে ভাবছেন সঠিক তদন্ত হবে না। কিন্তু তেমন ভাবাটা ঠিক নয়। আমরা ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখব। আপনারা অভিযোগ করুন, তদন্ত হবে”।

তবে পুলিশ সুপারের মতো লাথি মারার ঘটনা অস্বীকার করেছেন প্রত্যক্ষদর্শীরা। তাদের কথায়, ওই বৃদ্ধ অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন। তারপর তিনি সিভিক ভলান্টিয়ারদের গিয়ে বলেন যে বৃদ্ধরা লাইনে দাঁড়িয়ে আছেন আর আপনারা কেন নিজেদের লোককে আগে ঢোকাচ্ছেন? এরপরই শুরু হয়ে যায় বাকবিতণ্ডা। শুরু হয় বৃদ্ধকে মারধর।

RELATED Articles