গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে গ’ণ’পি’টু’নি গ্রামবাসীর। পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে তারা। কিন্তু ব্যর্থ হয়। মারের চোটে মৃত্যু দুই ব্যক্তির। এই ঘটনায় কারা কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় প্রবল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
কী ঘটেছে ঘটনাটি?
ঘটনাটি ঘটেছে বর্ধমানের জমালপুরের তুরুক ময়না গ্রামে। জানা গিয়েছে, ওই গ্রামে বেশ কিছুদিন ধরেই গবাদি পশু চুরি হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের। একমাসে ১৫টি গরু চুরি হয়েছে বলে দাবী স্থানীয়দের। এই নিয়ে পুলিশকে অভিযোগ করা হলেও কোনও লাভ হয়নি। সেই কারণে এলাকাবাসীরাই রাতে পাহারা দেন নিজেরা।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাত দেড়টা নাগাদ একটি ৪০৭ পিক আপ ভ্যানে চেপে গ্রামে আসে পাঁচজন। গ্রামবাসীদের দাবী, ওই সকল ব্যক্তি এক স্থানীয় বাসিন্দার গোয়ালের দরজার তালা ভাঙার চেষ্টা করছিলেন। টুকটাক আওয়াজ হতেই টের পেয়ে যান স্থানীয় বাসিন্দারা। উত্তেজিত জনতা চোর সন্দেহে ধাওয়া করেন ওই পাঁচজনকে। তবে তাদের মধ্যে তিনজন পালিয়ে যায়। আর বাকি দু’জন একটি পুকুরের জলে ঝাঁপ দেয়। বেশ কিছুক্ষণ জলে ডুবে থাকে তারা।
প্রায় ঘণ্টা দুয়েক পর জল থেকে উঠে পোশাক বদলাচ্ছিল দুই ব্যক্তি। এদিকে গ্রামবাসীরাও ছিলেন তক্কে তক্কে। ওই দুই ব্যক্তি অ’ন্ত’র্বা’স পরে এলাকা ছাড়ার চেষ্টা করছিলেন। সেই সময় তাদের ধরে ফেলেন গ্রামবাসীরা। ব্যাপক মারধর করা হয় দু’জনকে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় জামালপুর থানার পুলিশ। গুরুতর আহত অবস্থায় দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়। তাদের মেমারি হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বটে কিন্তু সকালে মৃত্যু হয় তাদের। দুই যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। ওই দুই যুবকের মৃত্যুর ঘটনায় কারা জড়িত ছিল, তা তদন্ত করে দেখছে পুলিশ। ঘটনার পর এলাকায় পুলিশ পাহারা রয়েছে। এই ঘটনায় একটি মামলা রুজু করেছে পুলিশ।
এক স্থানীয় বাসিন্দার কথায়, “ন’মাসে পাঁচবার গরুচুরি হয়েছে। তাই আমরা সতর্ক থাকতাম। এরপর রাত দেড়টার সময় ঘটনাটি ঘটে। এক ব্যক্তি বাথরুম করতে যাবেন বলে ওঠেন। সেই সময় দেখতে পান গোয়াল ভাঙছে। মোষটা বার করছে। তখন সে চিৎকার করে বলে গরুচোর। তিনজন পালিয়ে যায়। আর দুজন পুকুরের জলে ঝাঁপ মারে।এরপর দেড় দুহাজার গ্রামবাসী তাদের পুকুর থেকে তুলে মারে”।





