মুকুল রায়ের (Mukul Roy) সঙ্গে কী গুরুত্বপূর্ণ কথা ছিল, জানাতে হবে দলকে! এহেন নির্দেশে বেজায় বিপাকে পড়েছেন নলহাটি দুই নম্বরের তৃণমূল ব্লক সভাপতি বিভাস অধিকারী (Bivas Adhikari)।
রবিবার মুকুল রায় (Mukul Roy) বিভাস বাবুর সঙ্গে বৈঠক করেন। এই খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় শাসক শিবিরে। তবে কি বিভাস বাবু চলে যাচ্ছেন পদ্ম শিবিরে, উঠতে থাকে গুঞ্জন। বেগতিক দেখে মঙ্গলবার জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) বিভাস বাবুকে ডাক পাঠিয়েছেন।
যদিও বৈঠকের পর বিভাস অধিকারী (Bivas Adhikari) জানিয়েছিলেন, এই সাক্ষাৎকার একান্তই ব্যক্তিগত। মুকুল রায় (Mukul Roy) তাঁকে দেখতে এসেছিলেন। কিন্তু দলীয় সূত্রের খবর, মুকুল রায়ের (Mukul Roy) সঙ্গে কী নিয়ে বৈঠক হয়েছে তা জানতে চাওয়া হবে বিভাস বাবুর কাছে।
রবিবার নলহাটির ব্লক সভাপতি বিভাস অধিকারীর (Bivas Adhikari) প্রতিষ্ঠিত একটি আশ্রমে হঠাৎ করেই আসেন মুকুল রায় (Mukul Roy)। আশ্রমের অতিথিশালার বন্ধ কামরায় একান্তে বেশ খানিকক্ষণ আলাপ-আলোচনা সারেন দু’জন। এদিন আশ্রমে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ করম খানও।
এই নিয়েই শুরু হয়ে যায় প্রবল চাপানউতোর। কিন্তু অনুব্রত মণ্ডলের এলাকায় মুকুল রায়ের প্রবেশ যে নিছক সাক্ষাৎকার একথা সহজে মেনে নিতে পারছেন না কেউই। তবে বিভাস বাবুর বক্তব্য, আশ্রমে তো যে কেউই যেতে পারে। তাছাড়া আমি কিছুদিন আগে দুর্ঘটনায় আহত হয়ে ছিলাম। তাই মুকুলদা আমাকে দেখতে এসেছিল।





