প্রাতরাশে কচুরি, ছোলার ডাল, ল্যাংচা খাইয়ে কলকাতা নিয়ে আসা হচ্ছে অনুব্রতকে, দোলের দিনই দিল্লিযাত্রা কেষ্টর

আসানসোল থেকে কলকাতা নিয়ে আসা হচ্ছে অনুব্রত মণ্ডলকে। আজ, মঙ্গলবার দোলের দিনই ইডি তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার প্রস্তুতি সেরে ফেলেছে। কলকাতা আনার আগে শক্তিগড়ে প্রাতরাশ সারলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি।

জানা গিয়েছে, এদিন শক্তিগড়ে কচুরি, ছোলার ডাল, ল্যাংচা সহযোগে প্রাতরাশ সেরেছেন অনুব্রত মণ্ডল। জানা গিয়েছে, এদিন অনুব্রত যখন দোকানে বসে প্রাতরাশ সারছিলেন, সেই সময় তাঁর টেবিলে আরও দু’জন যুবককে বসে থাকতে দেখা যায়। অনুব্রত কথাও বলছিলেন ওই দু’জনের সঙ্গে। তবে ওই যুবক কারা, তা এখনও জানা যায়নি। তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।

এদিন দোকান থেকে প্রাতরাশ সেরেই গাড়িতে উঠে পড়েন অনুব্রত। এরপরই কলকাতার উদ্দেশে রওনা দেয় কনভয়। জোকা ইএসআই হাসপাতালে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করা হবে। ফিট সার্টিফিকেট দেওয়া গেলে ইডি’র হাতে তুলে দেওয়া হবে বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে।

আজ, মঙ্গলবার দোলের দিনই দিল্লি নিয়ে যাওয়া হতে পারে তাঁকে। বিচারক সময় দিলে আজই অনুব্রতকে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করা হবে। আর তা নাহলে ইডির সদর দফতরে রাখা হতে পারে তৃণমূল কংগ্রেসের ওই দাপুটে নেতাকে বলে খবর।  

এদিন সকাল ৭টা নাগাদ আসানসোল সংশোধনাগার থেকে বের করা হয় অনুব্রতকে। আসানসোল বিশেষ সিবিআই আদালতের আদেশের পরই কলকাতায় নিয়ে আসা হচ্ছে অনুব্রতকে। এদিকে, অনুব্রতকে আসানসোল থেকে বের করার পরই সেখানে শুদ্ধিকরণ শুরু করেছে বিজেপি।

RELATED Articles