প্রায় দু’মাস জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। হঠাৎই তাঁর স্বাস্থ্য পরীক্ষার (medical check up) জন্য নিয়ে যাওয়া হল তাঁকে। প্রায় এক ঘণ্টা ধরে নানান চিকিৎসা চলে তাঁর। স্বাস্থ্য পরীক্ষার পর জানা গিয়েছে যে অনুব্রতর ব্লাড প্রেসার ও সুগার স্বাভাবিক রয়েছে। ফিশচুলা সংক্রান্ত কোনও সমস্যাও বাড়ে নি। তবে এই দু’মাসে অনুব্রতর ওজন (weighta) কমে গিয়েছে ১০ কেজি। হঠাৎ কেন তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হল, তা নিয়েও উঠেছে প্রশ্ন।
জানা গিয়েছে, আজ, মঙ্গলবার আসানসোল বিশেষ সংশোধনাগার থেকে বেলা ১১ টা ২৫ নাগাদ বের করা হয় অনুব্রত মণ্ডলকে। হাসপাতালে পৌঁছন ১১ টা বেজে ৩৫ নাগাদ। মেডিক্যাল টেস্ট শেষ হয় ১২ টা ৩৫ নাগাদ। প্রায় দু’মাস পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হল। প্রশাসনের দাবি রুটিন চেকআপ। কিন্তু দু’মাস পর হাসপাতালে নিয়ে যাওয়ায় প্রশ্ন, তবে কি মানসিক অবসাদের শিকার অনুব্রত মণ্ডল? সেই কারণেই কি শারীরিক অবস্থার অবনতি হয়েছে?
আসলে এই বছর দুর্গা পুজো ও কালী পুজো জেলেই কাটাতে হয়েছে অনুব্রতকে। এর পাশাপাশি একদিকে মেয়ে সুকন্যা মণ্ডলকে দিল্লিতে তলব করেছে ইডি। অন্যদিকে সায়গল হোসেনকে আসানসোল সংশোধনাগার থেকে কয়েকদিন আগে ইডি নিয়ে গেছে দিল্লি। এই নিয়ে দুশ্চিন্তা থেকেই কি অসুস্থতা? হাসপাতাল সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা এখন যা, তাতে চিন্তার কিছু নেই।
আসানসোল বিশেষ সংশোধনাগারে পুজোর সময় কোনও চিকিৎসক ছিল না। গত ১৫ই সেপ্টেম্বর রাজ্যের কারা দফতরের তরফে আসানসোল সংশোধনাগারের জন্য আংশিক সময়ের চিকিৎসক চেয়ে বিজ্ঞাপন দেওয়া হয়। যে সমস্ত চিকিৎসকের বয়স ২৭ থেকে ৬৫-এর মধ্যে তাদের ২৮শে সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়।
কিন্তু, কোনও আবেদনপত্র জমা পড়ে নি। এর জেরে বেশ কিছুদিন ধরেই আসানসোল বিশেষ সংশোধনাগারে কোনও চিকিৎসক নেই। এমনকি, স্বাস্থ্যকেন্দ্র চালাতে গেলেও যে নার্সিং স্টাফ বা স্থায়ী স্বাস্থ্য কর্মীর প্রয়োজন পড়ে, তাও নেই আসানসোল বিশেষ সংশোধনাগারে। আসানসোল কোর্টের ডিসপেনসারিতে একজন আয়ুর্বেদিক মেডিক্যাল অফিসার রয়েছেন যিনি জেলে যদি কেউ অসুস্থ থাকেন, তাহলে তাকে গিয়ে দেখে আসেন। এর জেরে বেশ কিছুদিন ধরেই অনুব্রতর ঠিকঠাক স্বাস্থ্য পরীক্ষা হয়ত হয়নি বলেই মনে করা হচ্ছে।





