‘আমিই চেয়ারম্যান…’, কালীঘাটে মমতার বৈঠকের পরই বীরভূমে বড় ঘোষণা অনুব্রতর

কিছুদিন আগেই জেলমুক্তি ঘটেছে তাঁর। জেল থেকে বেরোনোর পর বেশ মুহ্যমান দেখাচ্ছিল তাঁকে। বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায়ের গঠন করে দেওয়া কোর কমিটিতে কোনও পদ ছিল না তাঁর। তা নিয়ে অবশ্য চর্চাও হয়েছে ঢের। এবার নিজেই নিজেকে চেয়ারম্যান বলে ঘোষণা করে দিলেন অনুব্রত মণ্ডল।

গরু পাচার কাণ্ডে ২০২২ সালে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডল। ২ বছরের বেশি জেলে থাকার পর অবশেষে জামিন পান তিনি। তিনি বীরভূমে না থাকাকালীন সেখানে কোর কমিটি গড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অনুব্রত ফিরে আসার পর সেই কোর কমিটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। এর উপর আবার সেই কমিটিতে কোনও পদ ছিল না অনুব্রতর। ফলে খানিক চিন্তাতেই ছিলেন তিনি।

গত সোমবার কালীঘাটে তৃণমূলের কর্মসমিতির বৈঠকে যান অনুব্রত মণ্ডল। আর এরপরই তিনি নিজেকে চেয়ারম্যান বলে ঘোষণা করলেন। বীরভূমের রাশ যে নিজের হাতেই রাখলেন তিনি, তাও স্পষ্ট করে দেন। অনুব্রত বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বললেন. বীরভূমে আমার কোর কমিটি করা রয়েছে। মমতাদিদি আমাকে বলল, তুই চেয়ারম্যান। সবাইকে নিয়ে চলতে হবে”।

উল্লেখ্য, কিছুদিন আগেই বীরভূমে কোর কমিটির বৈঠক হয়েছিল। সেই বৈঠকে আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী বলেছিলেন, “দিদির নির্দেশেই কোর কমিটির চেয়ারম্যান করা হয়েছে অনুব্রত মণ্ডলকে”। এর কিছুক্ষণ পর আবার কাজল শেখ সাংবাদিকদের সামনে বলেছিলেন, “বিকাশ রায় চৌধুরীর বলতে ভুল হয়েছে। অনুব্রতকে শুধুমাত্র কোর কমিটির সদস্য হিসাবে যোগ দেওয়ানো হয়েছে”।

আরও পড়ুনঃ মৃত্যুর খবর চেপে রেখে টাকার দাবী হাসপাতালের, টাকা জমা হতেই চিকিৎসক জানালেন মৃত্যু হয়েছে রোগীর, তুমুল বিক্ষোভ রোগীর পরিজনদের 

এরপরই কোর কমিটির মাথায় কে আদতে বসবে, তা নিয়ে বেশ জলঘোলা হয়। এই নিয়ে মুখও খুলেছিলেন অনুব্রতর অনুগামীরা। এরপর সোমবার যখন কালীঘাটের বৈঠকের জন্য কেষ্টর ডাক পড়ে, তখনই মনে করা হচ্ছিল, কোনও নতুন সমীকরণ আসতে চলেছে। অনুব্রতর কথা অনুযায়ী, এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্থির করেছেন যে বীরভূমের কোর কমিটির মাথায় অনুব্রতই থাকবেন।    

আরও অন্যান্য খবর