লোকসভার পর ফের বিধানসভা ভোটেও চ্যালেঞ্জ নিয়ে বসলেন তৃণমূলের বিতর্কিত নেতা অনুব্রত মন্ডল।
আসন্ন বড় পরীক্ষায় কে কত আসন নিয়ে উত্তীর্ণ হবে, তা নিয়ে বিজেপি তৃণমূলের তরজা লেগেই আছে। সেখানেই এবার নতুন মাত্রা যোগ করলেন বীরভূমের এই দাপুটে নেতা। তাঁর দাবি, তৃণমূল ২২০ আসন না পেলে রাজনীতি ছেড়ে দেবেন তিনি। শুক্রবার পূর্ব বর্ধমানের কেতুগ্রামে এই দাবি করেন তিনি।
এদিনের সভায় অনুব্রত দাবি করে বসেন, একুশের নির্বাচনে বাংলার শাসক দল তৃণমূল ২২০টা আসন না পেলে রাজনীতি ছেড়ে দেব। কারণ আমি জানি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে। সঙ্গে বিদ্রোহী নেতাদের অনুব্রতর হুঁশিয়ারি, ‘তৃণমূলে কর্মীরাই শেষ কথা। তাই যে সব নেতারা দল ছাড়তে চান, ছেড়ে দিন।’
শাসক-বিরোধী আক্রমণের আবহে কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে নিশানা করতেও ভোলেননি তিনি। বলেন, ‘বিজেপি বলছে ওঁরা সোনার বাংলা গড়বে। তাহলে ওঁরা সোনার ভারত গড়তে ব্যর্থ হলো কেনও?’ সেই সঙ্গে তাঁর দাবি, কিছুতেই বাংলায় NRC হতে দেবেন না তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯-এর লোকসভা নির্বাচনেও আসানসোলের মাটিতে বিজেপি নেতা বাবুল সুপ্রিয় জিতলে রাজনীতি ছেড়ে দেবেন বলে ঘোষণা করেছিলেন অনুব্রত মণ্ডল।
যদিও সেইবার কথা রাখেননি। তবে কি এবারও নিজের কথার খেলাপ করবেন না রাখবেন অনুব্রত? সময় উত্তর দেবে






