‘যতক্ষণ না তোর এনকাউন্টার হচ্ছে…’, সোশ্যাল মিডিয়ায় প্রাণহানির হুমকি অনুপম হাজরাকে, পুলিশের দ্বারস্থ বিজেপি নেতা

রেশন বণ্টন দুর্নীতির জেরে ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এরপর থেকেই তৃণমূলকে নানানভাবে কটাক্ষ শানিয়েছে বিরোধীরা। রাজ্যের মন্ত্রীর গ্রেফতারি নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা। তাঁর সেই পোস্টেই তাঁকে প্রাণহানির হুমকি দেওয়া হল।

কী ঘটেছে ঘটনাটি?

মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পর তাঁর জেল হেফাজত হতেই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এই ঘটনা নিয়ে ব্যঙ্গ করে অনুপম হাজরা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “তৃণমূলের নেতা-মন্ত্রীরা অ্যারেস্ট না হলে জানতেই পারতাম না যে ওনারা প্রত্যেকেই এতদিন নিজেদের শারীরিক অসুস্থতা চেপে রেখে জীবনের ঝুঁকি নিয়ে জনগণের সেবা করে চলেছেন”।

তাঁর সেই পোস্টের প্রতিক্রিয়াতেই ‘কাবিলা’ নামের একটি পেজ থেকে লেখা হয়, “যতক্ষণ না তোর encounter হচ্ছে আমি বুঝতে পারছি না পশ্চিমবঙ্গ পুলিশ কি খেলনা বন্দুক ব্যবহার করে, না আসল”। এই হুমকি পেতেই পুলিশের দ্বারস্থ হন বিজেপি নেতা। গতকাল, রবিবার দিল্লির নর্থ অ্যাভিনিউ থানায় তিনি অভিযোগ দায়ের করেন বলে খবর।

প্রসঙ্গত, রেশন দুর্নীতিতে ইডির হেফাজতের নির্দেশ শুনেই অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক। হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তবে এই ঘটনা এই প্রথম নয়। এর আগেও অনেক তৃণমূল নেতা-মন্ত্রী ইডি বা সিবিআইয়ের সমন পেয়ে বা হেফাজতের নির্দেশ পাওয়ার পর অসুস্থ হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছেন। সেই সময়ও শাসক দলকে খোঁচা দেয় বিরোধীরা। এবার সেই একই ঘটনা ঘটতে দেখা গেল জ্যোতিপ্রিয়র গ্রেফতারির ক্ষেত্রেও।

RELATED Articles