১০০০ হাজার বিক্রি হচ্ছে লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের VIP পাস, অনুপম হাজরার পোস্ট ঘিরে বাড়ল বিতর্ক

আজ, রবিবার ব্রিগেডে রয়েছে লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান। এই অনুষ্ঠান কতটা জমজমাট হতে চলেছে, তা নিয়ে তো আলোচনার অন্ত নেই। এরই মাঝে বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরার একটি ফেসবুক পোস্ট ঝড় তুলল রাজনৈতিক মহলে। সেই পোস্টকে ঘিরে তৈরি বিতর্ক। সেই পোস্টে অনুপমের অভিযোগ, আজ ব্রিগেডের লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের VIP পাস নাকি বিক্রি হচ্ছে ১০০০ টাকায়।   

কী লিখেছেন অনুপম হাজরা?

গতকাল, শনিবার ফেসবুকে একটি পোস্ট করেন অনুপম হাজরা। এই পোস্টে বীরভূমের নলহাটির একটি ঘটনার কথা উল্লেখ করেছেন তিনি। সেখানে বীরভূমের এক জনৈক অনিল সাহার একটি পোস্ট শেয়ার করেছেন অনুপম। সেই পোস্টে অনিল সাহা লিখেছেন, “২৪.১২.২০২৩ তারিখ রবিবার কলকাতার ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠ। সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষকে সেখানে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ব্যবস্থাপনায় যাঁরা আছেন তাঁরা। যাঁরা যাবেন, তাঁদের জন্য গেটপাসের ব্যবস্থা করা হয়েছে। কিছু কিছু ভিআইপির লোককে ভিআইপি কার্ড দেওয়া হয়েছে। কিন্তু কোথাও এক হাজার টাকা নিয়ে কার্ড দিতে হবে এই ধরনের নির্দেশ দেওয়া হয়নি। বীরভূম জেলার বিজেপির জেলা সভাপতির নির্দেশে বীরভূম জেলার নলহাটি এলাকা হইতে কিছু কিছু লোককে কার্ড বিলি করতে দেওয়া হয়েছে। তারা একটি কার্ডে ১০০০ টাকা পর্যন্ত নিচ্ছে”।

অনিল সাহার এই পোস্টটি শেয়ার করে অনুপম লেখেন, “এটা যদি সত্যি হয় তাহলে তো সাংঘাতিক ব্যাপার!!! শেষ পর্যন্ত ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’- এখান থেকেও দুর্নীতি, টাকা উপার্জন!!! ??? হায়রে – এরা আদৌ হিন্দু!!!??? অবশ্য সংগঠনের কাছের লোক হলে শত চুরি এবং দুর্নীতির অভিযোগ থাকলেও কোনও পরিবর্তন হবে না, উল্টে মেয়াদকাল আরও বাড়তে পারে!!! আর কতদিন যে ‘চোর মুক্ত বিজেপি চাই’ বলে গলা ফাটাতে হবে কে জানে!!!????”

১০০০ হাজার বিক্রি হচ্ছে লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের VIP পাস, অনুপম হাজরার পোস্ট ঘিরে বাড়ল বিতর্ক

এই বিষয়ে গীতাপাঠ অনুষ্ঠানের আয়োজক কমিটির পক্ষ থেকে মানস ভট্টাচার্যকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “যাঁরা পাত্তা পাচ্ছেন না, তাঁরা এইসব কথা বলছেন। গত এক বছর ধরে এই অনুষ্ঠান সার্থক হচ্ছে। এমন কোনও অভিযোগ ঠিক নয়। কে কোন দলের সম্পাদক, কী বললেন আমাদের কাছে গুরুত্ব নেই”।

প্রসঙ্গত, এটাই প্রথমবার নয়, বিগত প্রায় কিছুদিন ধরেই বঙ্গ বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে নানান অভিযোগ করেছেন অনুপম হাজরা। সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্যরা তাঁর নিশানায় ছিলেন। আর এবার লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে দুর্নীতি নিয়েও মুখ খুললেন কেন্দ্রীয় নেতা।   

আরও অন্যান্য খবর