শীতের মধ্যেও পিছু ছাড়ছে না মশা, ফের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু নার্সিং পড়ুয়ার

বর্ষাকালে ডেঙ্গুর আতঙ্কে যেন আড়ষ্ট হয়েছিল রাজ্য। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একের পর মৃত্যুর খবর সামনে আসছিল। মনে করা হয়েছিল, শীতকাল পড়লে মশার দাপট কমবে। কিন্তু তেমনটা হল না। শীতকালেও কামড় বসাচ্ছে মশা। ফের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু এক যুবতীর।  

হাসপাতাল সূত্রে খবর, মৃত ওই যুবতীর নাম ফারহানা বেগম। বয়স ২১ বছর। পার্ক সার্কাসের আলিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নার্সিং বিভাগের তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন ওই যুবতী। পার্ক সার্কাস এলাকাতেই হোস্টেলে থাকতেন তিনি।

জানা গিয়েছে, কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। বুধবার থেকে ন্যাশানাল মেডিক্যাল কলেজে ভর্তি ছিলেন যুবতী। পরে তাঁর ডেঙ্গু রিপোর্ট পজিটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফারহানাকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। গত শুক্রবার একাধিক অঙ্গ বিকলের কারণে মৃত্যু হয় ওই যুবতীর।  

প্রসঙ্গত, চলতি মরশুমে কলকাতা-সহ রাজ্যের একাধিক এলাকায় খুবই ডেঙ্গুর প্রকোপ ছিল। মশাবাহিত এই রোগে নাজেহাল হয়েছে বঙ্গবাসী। কোনও জেলায় আক্রান্তের সংখ্যা তড়তড়িয়ে বেড়েছিল, কোনও কোনও জেলায় সেভাবে আক্রান্ত না হলেও মশার দাপট বেশ বেশ।

মশার এই উৎপাত ঠেকাতে সরকারের তরফে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছিল। বিশেষজ্ঞরা মনে করছিলেন যে বর্ষা বিদায় নিলে হয়ত ডেঙ্গুর চোখ রাঙানি কমে যাবে। কিন্তু এডিস মশা যে এত তাড়াতাড়ি পিছু ছাড়বে না, তা ফের প্রমাণ করে দিল এই নার্সিং পড়ুয়ার মৃত্যু।

RELATED Articles