রাজনীতির ময়দানে কখন যে কী হবে তা বলা যায় না। সামনে আসছে কলকাতা পুরসভার ভোট। তার জন্য এখন থেকেই প্রস্তুতি তুঙ্গে তৃণমূল এবং বিজেপির তরফ থেকে। তাই জন্যই শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা।
এবার বিজেপি নেতা অনুপম হাজরা টুইটারে যা মন্তব্য করলেন তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। অনেকে বলছে তিনি এক ঢিলে দুই পাখি মারলেন।অর্থাৎ একটা পোস্ট দিয়ে তিনি তৃণমূলকেও বার্তা দিলেন এবং বিজেপির দলবদলুদের কিছুটা হলেও তুলোধোনা করলেন।
তিনি টুইটারে আজ সকালে একটি পোস্ট করেছেন যেখানে লেখা রয়েছে, ‘তৃণমূলের থেকে একটা জিনিস সত্যিই শেখার মত। প্রয়োজনে নিজের দাদা বৌদি শ্বশুর শাশুড়ি জামাই… সবাইকে টিকিট দেবো কিন্তু দল বদলে আসা লোকেদের টিকিট দেব না।’তার এই টুইট থেকেই স্পষ্ট যে তিনি খোঁচাটা কোনদিকে মারতে চেয়েছেন।

তৃণমূলকে যে তিনি বড়োসড়ো খোঁচা মেরেছেন কথা বলার অপেক্ষা রাখে না। যেভাবে তিনি নিজের পোস্টে পারস্পরিক সম্পর্কের নাম গুলো উল্লেখ করেছেন তার থেকে এটা স্পষ্ট যে তিনি বলতে চেয়েছেন, তৃণমূলে তুমুল হারে স্বজনপোষণ হয়েছে পুরভোটের প্রার্থী তালিকায়।আবার অনেকে বলছেন যে যারা বিজেপি থেকে ছেড়ে তৃণমূলে যাচ্ছেন তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট না দেওয়ায় তাদের উদ্দেশ্য কিছুটা কটাক্ষ করেছেন অনুপম হাজরা।





