কিছুদিন আগে সীমান্ত সুরক্ষা বাহিনীকে কটাক্ষ করেছিলেন অভিনেত্রী অপর্ণা সেন। এরপরেই আলোচনায় উঠে আসেন তিনি। রীতিমতো বিতর্ক শুরু হয়ে যায় তাঁর এই মন্তব্যকে ঘিরে। দাবি ওঠে তিনি যেন ক্ষমা চান তাঁর এই মন্তব্যের জন্য। তবে এখনও তিনি ক্ষমা চাননি আবার নিজের মন্তব্য প্রত্যাহারও করেননি।
অপর্ণা সেনের বিরুদ্ধে মন্তব্য উঠেছে যে তিনি উস্কানিমূলক এবং ঘৃণা মূলক বক্তব্য করেছেন সীমান্ত সুরক্ষা বাহিনীকে কেন্দ্র করে। উল্টোডাঙ্গা থানায় অপর্ণা সেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপি নেতা কল্যাণ চৌবের তরফ থেকে এই অভিযোগ করা হয়েছিল। তিনি এও বলেছেন যে পুলিশ কোনওরকম ব্যবস্থা না নিলে তিনি হাইকোর্টে যাবেন। প্রসঙ্গত, কেন্দ্র সরকার গত বছরের নভেম্বর মাসে বিএসএফ-র এক্তিয়ার বৃদ্ধি করে। এর আগে বিএসএফ সীমান্ত থেকে মাত্র ১৫ কিমি অন্দরে ঢুকে তাঁদের অভিযান চালাত। কিন্তু কেন্দ্রের তরফ থেকে বাহিনীর ক্ষমতা বাড়ানোর পরই তাঁদের আয়ত্ত ১৫ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার বেড়ে যায়। পশ্চিমবঙ্গ, অসম ও পাঞ্জাবে বিএসএফের ক্ষমতা বাড়ানো হয়।
এই প্রসঙ্গেই অপর্ণা সেন বিএসএফ-র ক্ষমতা বৃদ্ধির বিরুদ্ধে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে বিএসএফকে ধর্ষক, ও খুনি বলেন বলে অভিযোগ ওঠে। তবে অপর্ণা নিজে এই নিয়ে কিছু বলেননি। এরপরেই কল্যাণ চৌবে থানায় যান।





