পঞ্চায়েত নির্বাচনে লাগাতার অশান্তি ও হিংসা নিয়ে এবার সরব হলেন চিত্রপরিচালক তথা অভিনেত্রী অপর্ণা সেন। ভোট হিংসায় হত্যালীলা দেখে তিনি মর্মাহত। এই মৃত্যুর দায় মুখ্যমন্ত্রী কোনওভাবেই অস্বীকার করতে পারেন না বলে মনে করছেন তিনি। তাঁর কথায়, “রক্তস্নাত কসাইখানা আমার দেশ না, এই জল্লাদের উল্লাসমঞ্চ আমার দেশ না”।
কী বললেন অপর্ণা সেন?
বৃহস্পতিবার তাঁরা একটি বৈঠকের আয়োজন করেছিলেন। তার পর সেই অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রীর উদ্দেশে খোলা চিঠি পড়ে শোনান অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন। তিনি বলেন, “আপনি অবগত আছেন যে গত ৮ জুন থেকে এ পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে ৫২ জন মানুষ প্রাণ হারিয়েছে। বহু মানুষ নিঁখোজ। আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী। নির্বাচন কমিশনের দায়িত্ব অস্বীকার না করলেও এ কথা বলা যায়, এই ভোটে হত্যালীলা ও অরাজকতার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের ও আপনার। এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না। এই জল্লাদের উল্লাসমঞ্চ আমার দেশ না। আমার মন ভেঙে গিয়েছে। আমি অনেকভাবে প্রতিবাদ করেছি, চেষ্টা করেছি অন্যায়ের প্রতিবাদ করতে”।
তাঁর সংযোজন, “স্থানীয় পুলিশ প্রশাসনের উপর নির্ভর করেই কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনকে চলতে হয়। পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে এই দায়িত্ব কোনওভাবেই আপনি অস্বীকার করতে পারেন না”।
ইতিমধ্যেই সই সংগ্রহের উদ্যোগ শুরু করে দিয়েছেন তিনি। হতাশার সুরে অপর্ণা সেন বলেন, “খুব ভাল লাগে যে আর বেশিদিন বাঁচতে হবে না। গণতন্ত্র আর অবশিষ্ট নেই। সব শেষ। মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাচ্ছি। আপনারা সই করুন”।
বলে রাখি, এই অপর্ণা সেনই এককালে পরিবর্তনের দাবী নিয়ে রাস্তায় নেমেছিলেন। ২০১১ সালের আগে বাম শাসনের বিরুদ্ধে সরব হয়ে যে বুদ্ধিজীবীদের পথে নামতে দেখা গিয়েছিল, তাদের মধ্যে অপর্ণা সেন অন্যতম। এবার সেই অপর্ণা সেনই খোলা চিঠি দিলেন মুখ্যমন্ত্রীকে।





