টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা সহ জেলার একাধিক জায়গা। বুধবার রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত শহর ও বিভিন্ন জেলা জুড়ে ভারী বৃষ্টি হয়। এর জেরেই কলকাতার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। জল জমে যায় বহু রাস্তায়।
যেমন তিলোত্তমার দক্ষিণ থেকে উত্তর জলমগ্ন হয়ে যায়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিটে জল জমে যায়। এছাড়াও জলবন্দি সাদার্ন অ্যাভিনিউয়ের বেশি কিছু অংশ।
আবহাওয়া দফতর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত শহরে ভারী বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মোমিনপুর এলাকায়। সেখানে বৃষ্টি হয়েছে ১৭৯ মিলিমিটার।বালিগঞ্জে বৃষ্টির পরিমাণ ১৪৮ মিলিমিটার। কালীঘাটে বৃষ্টি হয়েছে ১৬৮ মিলিমিটার।
তবে এই পরিস্থিতিতে কলকাতা পুরসভার তরফে অন্য আশঙ্কার কথা শোনানো হয়েছে। পুরসভা সূত্রে জানানো হয়েছে, এখন জোয়ারের সময় চলছে। ফলত, বন্ধ রয়েছে লকগেটগুলি। জোয়ার যতক্ষণ থাকবে, ততক্ষণ এই গেট খোলা সম্ভব নয়। যে কারণে, জল নামতে আরও কিছুটা সময় লাগবে। লকগেট বন্ধ অবস্থায়, নতুন করে বৃষ্টি হলে, জমা জলের পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা।
এদিকে, বৃষ্টি থামার এখনি কোনও সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। আগামী ২৪-ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে কাল থেকে বৃষ্টি আরও বাড়বে বলে সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কাল থেকে বাড়বে বৃষ্টি। উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কলকাতা শহরে এই বিপুল পরিমান জল জমে যাওয়া প্রসঙ্গে, ফিরহাদ হাকিম জানিয়েছেন, কলকাতা একটা গামলার মতো, আর আমাদের হাতে কোনও জাদুকাঠি নেই, জোয়ার আসার কারণেই জল ছাড়া বন্ধ রাখতে হয়েছে।





