অভিষেকের দোরগোড়ায় অর্জুন! অভিষেকের অফিসে বৈঠক বিজেপি সাংসদের, তৃণমূলে ওয়াপসি এখন শুধুই সময়ের অপেক্ষামাত্র

গতকাল থেকেই ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের (Arjun Singh) তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা আরও দৃঢ় হয়েছে। শনিবার বিকেলেই ব্যারাকপুর, ভাটপাড়া, জগদ্দলে তৃণমূলের (TMC) পোস্টারে ভরে যায়। তাতে অর্জুনের হাতজোড় করা ছবি দিয়ে লেখা ছিল স্বাগতম।

জল্পনা ছিল, আজ, রবিবারই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসেই নাকি তৃণমূলের পতাকা হাতে তুলে নেবেন অর্জুন সিং। জল্পনাকে উস্কে ইতিমধ্যেই অভিষেকের ক্যামাক স্ট্রীটের অফিসে পৌঁছেছেন অর্জুন। সেখানে চলছে অভিষেকের সঙ্গে বৈঠক। রয়েছেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীও। এবার অর্জুনের তৃণমূলে যোগ দেওয়া যে সময়ের অপেক্ষা মাত্র, তা বলাই বাহুল্য

আজ, রবিবার সকালেই অর্জুন সিং বলেন, “আজ আমার বেরোনোর আছে। একজনের সাথে দেখা করতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো কলকাতায় যাব আমি”।

এরপরই ব্যারাকপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি। অবশেষে কলকাতার এক হোটেলে তৃণমূল দলের কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেন বিজেপি সাংসদ। এরপর সোজা চলে যান ক্যামাক স্ট্রীটে অভিষেকের অফিসে।

এই সময় তৃণমূলে ফেরার বিষয়ে অর্জুনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এমন কোন কাজ কিংবা কথা থাকতে পারে না, যেটা আপনারা জানতে পারবেন না। যদি কোনরকম অঘটন ঘটার থাকে, তাহলে সেটা জানা যাবে। শেষের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। শুরু হবে তো শেষ হবে। একটু ধৈর্য ধরুন, সমস্ত ঘটনা জানতে পারবেন”।

অর্জুন সিংহের তৃণমূলে এই ওয়াপসির জল্পনায় তৃণমূল নেতা থেকে শুরু করে বিজেপি নেতারা নানান মন্তব্য করেছেন। এই বিষয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, “এখন অনেকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকতে চায়। তবে আমরা কাউকে আটকাবো না। কারণ বিজেপি কোন ব্যক্তি কেন্দ্রিক দল নয়, ফলে কারোর যাওয়া কিংবা আসায় আমাদের দলের উপর কোনো প্রভাব পড়বে না”।

আরও অন্যান্য খবর