সামনেই রাজ্যে পুরসভা নির্বাচন। এই আবহে এবার নিজের পদ থেকে সরিয়ে দেওয়া হল মন্ত্রী অরূপ বিশ্বাসকে। জানা গিয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অমান্য করার কারণেই তাঁকে এই পদ থেকে সরানো হল।
দক্ষিণ ২৪ পরগণা জেলায় তৃণমূলের কো-অর্ডিনেটর হিসেবে নিযুক্ত ছিলেন অরূপ বিশ্বাস। সেই পদ থেকেই তাঁকে সরিয়ে আনা হল কুণাল ঘোষ ও শওকত মোল্লাকে। জানা গিয়েছে, বজবজ ও ডায়মন্ড হারবারে মমতার নির্দেশ উপেক্ষা করে তৃণমূলের প্রথম তালিকাকে মান্যতা দেওয়া হয়েছে। সেই অনুযায়ীই সেখানে চলছ প্রচার ও মনোনয়ন জমা দেওয়া কাজ। নেত্রীর নির্দেশ কীভাবে ও কেন উপেক্ষা করা হল, তা নিয়ে উঠেছে প্রশ্ন। এই নিয়ে জেলা থেকে রিপোর্টও তলব করা হয়েছে।
পুর নির্বাচনের জন্য নানান কো-অর্ডিনেটর নিয়োগ করেছে তৃণমূল। প্রথমে শাসক দলের তরফে দক্ষিণ ২৪ পরগণা জেলার কো-অর্ডিনেটর পদে নিয়োগ করা হয়েছিল অরূপ বিশ্বাসকে। তবে আজ, বুধবার তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান যে এবার থেকে দক্ষিণ ২৪ পরগনার নতুন কো-অর্ডিনেটরের দায়িত্ব পাচ্ছেন কুণাল ঘোষ এবং শওকত মোল্লা। এদিকে অরূপ বিশ্বাস দক্ষিণ বর্ধমানের কো-অর্ডিনেটরের দায়িত্ব পেয়েছেন বলে খবর।
গত শুক্রবার তৃণমূলের তরফে প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়। প্রথমে তৃণমূলের অফিশিয়াল পেজে একটি প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। তা নিয়ে জেলায় জেলায় বিক্ষোভ দেখা দেয়। তবে সেটি পরে বাতিল করে পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সির স্বাক্ষর করা তালিকা প্রকাশ করা হয়। এরপরও থামেনি বিক্ষোভ।
এদিকে জোড়া তালিকা প্রকাশিত হওয়ায় দলের অন্দরে বিভ্রান্তি তৈরি হয়। জানা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবারে তৃণমূলের প্রথম তালিকা মেনেই প্রার্থীর জন্য প্রচার শুরু হয়, এমনকি মনোনয়ন জমা পড়ে। তাদের দাবী ছিল, তাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মেনেই তারা এমন করছেন। কিন্তু এবার এই ঘটনার জন্য কো-অর্ডিনেটরের পদ খোয়ালেন অরূপ বিশ্বাস। এর জেরে কী আরও চওড়া হবে অভিষেক ও মমতার ব্যবধান?





