পঞ্জাবের পর এবার আম আদমি পার্টির লক্ষ্য বাংলা, কেজরিওয়ালের কারণে কী এবার চাপ বাড়বে মমতা সরকারের উপর?

পঞ্জাবের পর এবার আম আদমি পার্টি টার্গেট করছে বাংলাকে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনেই সর্বশক্তি নিয়ে বাংলায় ঝাঁপিয়ে পড়তে পারে অরবিন্দ কেজরিওয়ালের দল। গতকাল, সোমবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এমনটাই জানালেন দলের রাজ্য নেতারা।

সোমবারই পাঁচ রাজ্যে বিধানসভা ভোট শেষ হয়েছে। বুথফেরত সমীক্ষা সামনে আসতেই নানান রাজনৈতিক মহল নড়েচড়ে বসেছে। নেপথ্যে পঞ্জাবে আম আদমি পার্টির সম্ভাব্য ফলাফল। বিশেষজ্ঞদের মতে, এবার ওই রাজ্যে রেকর্ড ভোটে জয়লাভ করবে ‘আপ’। তারাই গড়বে সরকার। তবে এর উত্তর মিলবে আগামী ১০ই মার্চ।

এরপরই তাই প্রশ্ন উঠতে শুরু করেছে যে এবার কী তবে বাংলা নিয়ে চিন্তাভাবনা শুরু করছে অরবিন্দ কেজরিওয়ালের দল? এই প্রশ্নের উত্তর মেলে দলের দুই রাজ্য নেতার থেকে। তাদের কথায়, সেই চিন্তাভাবনা অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। রাজ্যজুড়ে সংগঠনকে আরও বেশি চাঙ্গা করার চেষ্টা চালানো হচ্ছে। সদস্য সংগ্রহের কাজও চলছে।

এ রাজ্যে আম আদমি পার্টির মিডিয়া কোঅর্ডিনেটর অরবিন্দ হালদার জানান যে পঞ্জাবের এই ফল তাঁদের কাছে অভিপ্রেতই ছিল। এদিনের এক্সিট পোল যে বাস্তবের সঙ্গে একেবারে মিলে যাবে, তা নিয়েও তারা তাঁরা নিশ্চিত ছিলেন। শুধু তাই-ই নয়, উত্তরাখণ্ড-সহ অন্যান্য রাজ্যেও দলের খাতা খোলার সম্ভাবনা রয়েছে বলে তাদের ধারণা।

অরবিন্দের কথায়, বাংলায় তারা একটি মজবুত সংগঠন গতে তুলতে চান। এতে সময় লাগলেও কোনও সমস্যা নেই। সর্বশক্তি দিয়ে লড়াইয়ে নামতে চায় ‘আপ’। ইতিমধ্যেই উত্তর ২৪ পরগণা, পশ্চিম বর্ধমান ও অন্যান্য জেলায় সংগঠন তৈরিতে জোর দিচ্ছে আম আদমি পার্টি। অরবিন্দের কথায়, যুব সম্প্রদায়ের আম আদমি পার্টির প্রতি আগ্রহ রয়েছে। তাই তরুণ সমাজকেই কাজে লাগাতে চাইছেন তারা।

এই একই কথা শোনা গেল দলের হাওড়া শাখার জেলা অধ্যক্ষের মুখেও। তিনি জানান যে এই মুহূর্তে আম আদমি পার্টির প্রধান লক্ষ্য আসন্ন পঞ্চায়েত নির্বাচন। সেই মতোই সব ঘুঁটি সাজাচ্ছেন তাঁরা। ইতিমধ্যেই রাজ্যের অন্তত ১৫টি জেলায় কমিটি গঠনের কাজ সারা হয়ে গিয়েছে। বাদবাকি জেলাগুলিতেও খুব দ্রুত সেই প্রক্রিয়া সেরে ফেলা হবে। অরবিন্দ কেজরিওয়ালের দল যদি রাজ্যে সর্বশক্তি নিয়ে ঝাঁপায়, তাহলে যে মমতা সরকারের উপর চাপ বেশ বাড়বে, তা বলাই বাহুল্য।

RELATED Articles