‘রাজ্যপালের সংবিধান মেনে চলা উচিত, তিনি বিধানসভার গরিমা নষ্ট করেছেন’, বিস্ফোরক বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

ফের একবার সামনে এল রাজ্য ও রাজ্যপালের সংঘাত। রাজ্যপাল জহদীপ ধনখড় বারবার টুইট করে এসেছেন যে রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। শুধু তাই-ই নয়, তিনি বারবার রাজ্যের নানান বিষয় নিয়ে নানান মন্তব্য করেছেন। বিধানসভা চত্বরে দাঁড়িয়েও তিনি রাজ্যের বিরুদ্ধে তোপ দাগতে কসুর করেন নি। এবার পাল্টা রাজ্যপালের ভূমিকা নিয়ে কটাক্ষ শানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

বি আর আম্বেদকরের জন্মজয়ন্তীতে রাজ্যপাল ও বিধানসভার স্পিকারের এই সংঘাতের সূত্রপাত হয়। সেদিন বিধানসভায় উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এদিন স্পিকারের পাশে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের সামনে রাজ্য সরকারকে আক্রমণ করেন তিনি।

সেই সময় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে নিষেধ করেছিলেন যাতে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব না দেন। কিন্তু তিনি তা গ্রাহ্য না করেও সংবাদমাধ্যমে রাজ্যের বিরুদ্ধে তোপ দাগেন জগদীপ ধনখড়। আর এর জেরেই ক্ষোভপ্রকাশ করেন বিমান বন্দ্যোপাধ্যায়।

আজ, সোমবার রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিধানসভার অধ্যক্ষ বলেন, “রাজ্যপালের সংবিধান মেনে চলা উচিত। বিধানসভাকে রাজনৈতিক ক্ষেত্র হিসাবে ব্যবহার করছেন রাজ্যপাল। তাঁকে বিধানসভা চত্বরে দাঁড়িয়ে সাংবাদিক বৈঠক না করার অনুরোধ করেছিলাম। তা সত্ত্বেও তিনি করেছেন। রাজ্যপাল যা মনে করেছেন তাই করছেন। বিধানসভার গরিমা তিনি নষ্ট করেছেন। রাজভবনে গিয়ে যা খুশি বলতেই পারেন তিনি। বিধানসভায় বলা উচিত হয়নি”।‌

এই বিষয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “‌রাজ্যপাল সংবিধান বোঝেন না, সেটা হতে পারে? বাংলার পরিষদীয় ব্যবস্থা সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে, রাজ্যপাল তো বলবেনই। স্পিকার বারবার রাজ্যপালকে আক্রমণ করেছেন। স্পিকারের উপস্থিতিতে হেনস্থার শিকারও হয়েছেন। আর কী বলতে পারেন উনি”।

RELATED Articles