তিনি তৃণমূলের (TMC) দীর্ঘদিনের সৈনিক। দলের নানান গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তিনি। কাজ করেছেন পরিষদীয় মন্ত্রী হিসেবেও। সেই কারণেই পুজোর পর বিধানসভায় এসে দীর্ঘদিনের সহকর্মীকে মনে পড়ছে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee)। সকলের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করলেও, পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) শুধু নেই। তাঁকে মনে করলেন স্পিকার।
এসএসসি নিয়োগ দুর্নীতিতে গত জুলাই মাসের শেষের দিকে ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পুজোটা জেলের মধ্যেই কেটেছে তাঁর। ইডির মামলার সঙ্গে যুক্ত হয়েছে সিবিআই মামলাও। পার্থর বিরুদ্ধে চার্জশিটে নানান বিস্ফোরক তথ্য পেশ করেছে ইডি। কবে তিনি আদৌ জামিন পাবেন, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
গতকাল, শুক্রবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায় জানান যে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট দাখিল হওয়ার খবর সংবাদমাধ্যমে জেনেছেন তিনি। তাঁর দাবী, নিয়ম অনুযায়ী, কোনও বিধায়ক বা মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দেওয়ার আগে স্পিকারের অনুমতি নিতে হয়। এক্ষেত্রে তাঁর কাছে কেউ কোনও অনুমতি নেননি বলে জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
পার্থ গ্রেফতার হওয়ার পর তাঁকে নিয়ে খুব বেশি মুখ না খুললেও পুজোর পর পার্থর কথা মনে পড়ছে বলে অকপটে জানালেন বিধানসভার অধ্যক্ষ। এদিন তিনি বলেন, “পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। বিজয়ার পর প্রথম এলাম। সকলের সঙ্গে বিজয়া করছি। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অনেক দিনের সম্পর্ক। জানতে ইচ্ছে করে উনি কেমন আছেন। আইনগত কিছু কারণে সম্ভব হচ্ছে না”।
বলে রাখি, নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর তাঁকে নিয়ে বেশি মুখ খুলতে শোনা যায়নি শাসক দলের কোনও নেতাকে। দলীয় সমস্ত পদ থেকে বহিষ্কার করা হয় পার্থকে। সমস্ত মন্ত্রিত্ব পদও খোয়ান তিনি। তবে অভিযোগ থাকলেও, দীর্ঘদিনের সহকর্মীকে মনে পড়াটা স্বাভাবিক। পুজোর মধ্যে পার্থকে নিয়ে কথা বলেছিলেন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। এবার পার্থকে নিয়ে মুখে খুললেন বিধানসভার স্পিকার।





