সোশ্যাল মিডিয়ার যুগে এখন কত কিছুই আমাদের চোখে পড়ে। এর মধ্যে কিছু কিছু ঘটনা আমাদের বেশ আনন্দ, মজা দিলেও কিছু ঘটনা যেমন আমাদের মনকে আবেগপ্রবণ করে তোলে, তেমনই আবার কিছু ঘটনা দেখে বিরক্তও হই আমরা। নানান ঘটনা নিছকই মজার মনে হলেও আদতে যে তা নয়, তেমন নানান ছবি বা ভিডিও-ও চোখে পড়ে আমাদের।
ট্রেন নিয়ে নানান সময় নানান খবর সামনে আসে। ট্রেন পরিষেবা ব্যাহত হওয়া বা সপ্তাহান্তে ট্রেন বাতিল, এ যেন এখন রোজকার রুটিনে পরিণত হয়েছে। আর তা নিয়ে যাত্রীদের ক্ষোভের চিত্রও কম দেখা যায়নি। কিছুদিন আগেও শিয়ালদহ স্টেশনে ট্রেন বাতিলের জেরে যে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের, তা বলার অন্ত নেই। এসবের মধ্যেই সামনে এল রেল স্টেশনের এক অনন্য ছবি।
কর্মব্যস্ত দিনের সকালে রেলস্টেশনেও দেখা যায় বেশ ভিড়। ট্রেন ধরার জন্য স্টেশনে পৌঁছতেই দেখা গেল আরও এক অদ্ভুত চিত্র। ট্রেন ধরার আগে যে টিকিট কাটবেন যাত্রীরা, সে উপায় নেই। কারণ টিকিট কাউন্টারে লোকই নেই। একটাই টিকিট কাউন্টার সেটাও বন্ধ। ফলে অপেক্ষাই সার। কিন্তু লোক কেন নেই?
লোক নেই বলাটা অবশ্য ভুল। লোক ছিলেন, কিন্তু তিনি বিশেষ প্রয়োজনে সেই সময় নেই কাউন্টারে। কাউন্টার বন্ধ করে সামনে একটি বোর্ডে লেখা, “বাথরুমে যাচ্ছি, আর কোনও লোক নেই। ধৈর্য ধরে দাঁড়ান, এসে টিকিট দিচ্ছি”। অর্থাৎ প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে বন্ধ হয়ে গেল টিকিট বিক্রিই।
এদিকে ব্যস্ততার সময় এমন কাণ্ড ঘটায় বেজায় চটে যান যাত্রীরা। অফিস যাত্রীদের অনেকেই টিকিট না কাটতে পারায় ট্রেন মিস করেন। ফলত স্টেশনজুড়ে সৃষ্টি হয় এক বিশৃঙ্খলার। রেলের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে ওঠে প্রশ্ন। একজন লোক না থাকলে, অন্য এমন কেউ কেন নেই যিনি টিকিট দিতে পারবেন, তা নিয়ে চলতে থাকে সমালোচনা। সোশ্যাল মিডিয়ায় দাবী করা হয়েছে এই ঘটনাটি ঘটেছে চাকদহ স্টেশনে, যদিও ছবি সত্যতা যাচাই করে নি খবর ২৪x৭।





