‘তৃণমূলের মধ্যে বিরাট ষড়যন্ত্র চলছে, মন্ত্রিসভা তা জানেই না’, হঠাৎ কেন এমন বিস্ফোরক মন্তব্য মদনের গলায়?

সরকার ভাড়া বাড়ায়নি কিন্তু তা সত্ত্বেও বেশি ভাড়া দিতে গিয়ে নিত্যযাত্রীদের নাজেহাল অবস্থা। বারবার এ নিয়ে অভিযোগ করেছেন তারা। আর এরই মধ্যে ভাড়ার এই অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্র।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের স্টুডিওতে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন যে এই অনিয়মের পিছনে দলেরই কেউ বা কারা রয়েছে। তাঁর মতে, “দলের মধ্যেই বিরাট এক ষড়যন্ত্র চলছে”। বাস বা মিনিবাসের বেপরোয়া চালচলন ক্রমেই বৃদ্ধি নিয়ে দলের একাংশকে দায়ী করেছেন কামারহাটির বিধায়ক।

এছাড়া তিনি এও বলেন যে দলের শীর্ষ নেতৃত্ব তথা মন্ত্রীরা সব কিছু জানে। নিত্যযাত্রীদের অভিযোগ, লকডাউন কাটলেও রাস্তায় বাসের দেখা মেলে না সময় মতো। সরকারি বিজ্ঞপ্তি না থাকা সত্ত্বেও বেশি ভাড়া গুনতে হচ্ছে। বাস, ট্যাক্সি সব ক্ষেত্রেই একই অবস্থা। রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রীকে সেই বিষয়েই প্রশ্ন করা হয়। এর উত্তরে দলের অন্তর্ঘাতকেই দায়ী করেন মদন মিত্র।

উত্তরে তিনি বলেন, “যেটা এই মুহূর্তে আমাদের মন্ত্রিসভার কাছে অজানা, অথবা জানা হলেও তারা বিশ্বাস করছেন না, অথবা তাদেরকে বিশ্বাস করাতে পারছেন না। এই যে ভাড়া বাড়া না বাড়া, প্রাইভেট বাস নামা না নামা, এই সবকিছুর মধ্যেই একটা বিরাট ষড়যন্ত্র কাজ করছে, যেটার মধ্যে আমাদের দলের বেশ কিছু লোকের মদত থাকলেও থাকতে পারে”।

মদন মিত্রের কথায়, “মুখ্যমন্ত্রী, পরিবহন মন্ত্রী এত করে বলার পরও এই যে বাস- মিনি বাস এত ডাট নিয়ে চলছে, নিশ্চই কেউ বা কারা এর পিছনে উস্কাচ্ছে। বলছে, কোনও ব্যাপার না, আমরা বুঝে নেব”।

এই বিষয়ে সিটু নেতা অনাদি সাহু বলেন, “চক্রান্ত কে করছে বোঝা যাচ্ছে না, তবে জনগণকে বাড়তি টাকা দিতে হচ্ছে”। এর পাশাপাশি বর্ধিত পেট্রোল-ডিজেলের দাম নিয়েও রাজ্য সরকারের দিকে আঙুল তুলেছেন তিনি। অন্যদিকে, বিজেপিও বাস ভাড়া বৃদ্ধি নিয়ে তৃণমূলকেই দোষ দিয়েছে। এই বিষয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, “কেন্দ্র পেট্রোল- ডিজেলের দাম কমাল অথচ রাজ্য সরকার প্রাপ্য ট্যাক্স একটুও কমাল না। তাই এবার ভাড়া বাড়ছে”। মদন মিত্রের মন্তব্য প্রসঙ্গে বিজেপি নেতার দাবী, “অন্তর্দ্বন্দ্ব না অন্য কোনও কারণ, তা আমরা জানি না। আমরা শুধু এটাই দেখছি যে সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই”।

RELATED Articles