‘খুশি করলেই চাকরি মিলবে’, তরুণীকে শারীরিক সম্পর্ক তৈরি করার কুপ্রস্তাব তৃণমূল নেতার, অশ্লীল অঙ্গভঙ্গি, তুমুল শোরগোল রাজ্যে

‘খুশি করলেই চাকরি পাওয়া যাবে’। এক তরুণীকে চাকরি দেওয়ার নামে এমনই কুপ্রস্তাব দিলেন পূর্ব বর্ধমানের দাঁইহাট পুরসভার চেয়ারম্যান শিশির মণ্ডল। তরুণীর সঙ্গে তৃণমূল নেতার সেই কথোপকথনের অডিও ক্লিপিং ভাইরাল হয়েছে। তবে এই অডিও ক্লিপিংয়ের সত্যতা যাচাই করে নি খবর ২৪x৭। এই ঘটনাকে কেন্দ্র করে ফের শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা।

জানা যাচ্ছে, কিছুদিন আগে এক কৃষক পরিবারের তরুণী চাকরির জন্য ফোন করেছিলেন দাঁইহাট পুরসভার চেয়ারম্যান তথা অগ্রদ্বীপ উচ্চ বিদ্যালয়ের বাংলার শিক্ষক শিশির মণ্ডলকে। ভাইরাল হওয়া অডিও ক্লিপিংয়ে শোনা যাচ্ছে যে ওই তরুণী তার একটি চাকরি করিয়ে দেওয়ার আর্জি জানাচ্ছেন চেয়ারম্যানকে। তরুণীকে বায়োডাটা নিয়ে দেখা করতে বলেন চেয়ারম্যান। তরুণী তখন জানান যে তিনি কৃষ্ণনগরে মাসির বাড়িতে রয়েছেন, তাই এখন দেখা করা সম্ভব নয়।

এরপরই তরুণীকে শারীরিক সম্পর্ক তৈরি করার প্রস্তাব দেন ওই চেয়ারম্যান। দাঁইহাট পুরসভার চেয়ারম্যান কৃষ্ণনগর স্টেশন লাগোয়া একটি হোটেলে যৌন মিলনের প্রস্তাব দেন ওই তরুণীকে। এমনকী, ভাইরাল হওয়া এই অডিও ক্লিপিংয়ে তরুণীর সঙ্গে অন্তর্বাস নিয়েও আলোচনা করেছেন চেয়ারম্যান, এমনটাও শোনা গিয়েছে। প্রায় ৩০ মিনিটের কথোপকথনের ভাইরাল অডিও এবং হোয়াটসঅ্যাপ ভিডিও কলের ক্লিপিংয়ের সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭।

তবে এই অভিযোগ মেনে নিতে নারাজ দাঁইহাট পুরসভার চেয়ারম্যান। তিনি এটা স্বীকার করেছেন যে কোনও এক তরুণী তাকে চাকরির জন্য ফোন করেছেন। তবে কুপ্রস্তাব দেওয়ার কথা স্বীকার করেন নি তিনি। তার পাল্টা দাবী, তাকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। দরকার পড়লে তিনি আইনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন।

তবে চেয়ারম্যান মুখে যাই বলুন না কেন, এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলকে কটাক্ষ শানাতে কসুর করেনি বিজেপি। এর জেরে শাসক-বিরোধী তরজা বেশ তুঙ্গে। এই ঘটনার যথাযথ তদন্তের দাবী তুলেছেন বিজেপি নেত্রী বিনীতা বড়াল।

অন্যদিকে, এই ঘটনা প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, “ভাইরাল কথোপকথন শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানাব”।

RELATED Articles