‘একদলের টিকিটে জিতে অন্য দলে চলে যাওয়া অনৈতিক’, বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পর পুরনো বিতর্ক উস্কালেন বাবুল সুপ্রিয়

বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে উপনির্বাচনে জিতেছেন তিনি। বিধায়ক হিসেবে শপথও নিয়েছেন সদ্যই। আর এরপরই এক সাংবাদিক সম্মেলনে পুরনো বিতর্কে ঘৃতাহুতি দিলেন বাবুল সুপ্রিয়। তাঁর কথায়, “একদলের টিকিটে জিতে অন্য দলে চলে যাওয়া অনৈতিক”।

গতকাল, বুধবার শপথ গ্রহণের পর সাংবাদিক সম্মেলন করেন বাবুল সুপ্রিয়। সেখানেই তিনি বলেন, “আমি সাংসদ পদ থেকে পদত্যাগ করে একপ্রকার রাজনীতি থেকেই অবসর নিয়েছিলাম। আমি কিন্তু ওই দলে থেকে তৃণমূলে যোগ দিইনি। এটা নৈতিকতার প্রশ্ন”।

তবে মজার বিষয় হল, তিনি যখন এই কথাটা বলছেন, সেই সময় তাঁর ঠিক পিছনেই দাঁড়িয়ে ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়। তিনি একুশের নির্বাচনে বিজেপির টিকিটে জিতলেও, পরবর্তীতে তিনি যোগ দেন তৃণমূলে। কিন্তু তিনি এখনও বিজেপির বিধায়ক পদ ত্যাগ করেন নি।

সাংবাদিক সম্মেলনে সৌমেন রায়কে দেখিয়ে বাবুল সুপ্রিয়কে প্রশ্ন করা হলে তিনি একবার সৌমেন রায়ের দিকে তাকিয়ে বলেন, “এটা সম্পূর্ণ ভাবে আমার ব্যক্তিগত অভিমত”।

কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়কে বাবুলের এই মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি তো বিজেপিরই বিধায়ক। আমি শুধু বিরোধী দলনেতার কিছু অনৈতিক কাজের প্রতিবাদ করেছি”।

এরপর শুভেন্দু অধিকারীকে তোপ দেগে তিনি আরও বলেন, “বিরোধী দলনেতা নিজের স্বার্থসিদ্ধির জন্য বিধানসভায় তাঁর ঘরটিকে ব্যবহার করছেন। তিনি বিজেপি বিধায়কদের দিয়ে বিধানসভার কাজ পণ্ড করার জন্য চেষ্টা করতেন। শুধু তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের বিরুদ্ধে কীভাবে ইডি, সিবিআই হবে, তাই নিয়ে চেষ্টা চালিয়েছেন। আমি তার প্রতিবাদ করেছি শুধু”।

RELATED Articles