শক্তি হারিয়েছে অশনি। অন্ধ্র উপকূলে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে তা। এর জেরে বাংলায় আবহাওয়া বদলাবে। অশনির জেরে দক্ষিণবঙ্গে যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা ছিল, তা হয়নি। তবে এবার জানা যাচ্ছে যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে। এদিকে বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, অশনি শক্তি হারাচ্ছে। সেই ঘূর্ণিঝড় নিয়ে চিন্তার কোনও কারণ না থাকলেও নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ঘূর্ণিঝড় করিম। এই ঘূর্ণিঝড়টি টাইপ-টু ক্যাটেগরির। এটি অবস্থান করছে ভারত মহাসাগরের উপর। তবে করিমের গতিবিধি নিয়ে এখনই সেভাবে কিছু জানান নি আবহবিদরা।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ, শুক্রবার মোটামুটি মেঘাচ্ছন্ন থাকবে কলকাতার আকাশ। আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কলকাতার তাপমাত্রা বেশ বেড়েছে। আজ, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমার সম্ভাবনা আপাতত নেই।
অশনির জেরে এবার দক্ষিণের পরিবর্তে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে। ১৪ই মে থেকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। কালিম্পং, দার্জিলিং-সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি হবে। তবে হিমালয়-সংলগ্ন জেলাগুলিতে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। আগামী দু’দিন উত্তরবঙ্গের আবহাওয়া একই থাকলেও, দক্ষিণবঙ্গের মতোই তাপমাত্রা কিছু বাড়বে।
এদিকে, ফের গরম ফিরছে দক্ষিণবঙ্গে। গত কয়েকদিনে হালকা থেকে মাঝারি বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমলেও, এবার ফের বাড়তে শুরু করেছে তাপমাত্রা। জানা যাচ্ছে, আজ, শুক্রবার দক্ষিণবঙ্গের নানান জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১৪ই মে, শনিবার পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম ও নদীয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।





