WB governor : “বিদায় বোস, আগমন বেলার?” দিল্লির ইঙ্গিতেই কি বদলাবে এবার বাংলার রাজনীতি?

বাংলার রাজনীতির চালচিত্রে রাজভবনের ভূমিকাই যেন দিনে দিনে হয়ে উঠছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক অধ্যায়। হোক তা কেন্দ্র-রাজ্য সংঘাত, হোক প্রশাসনিক সিদ্ধান্ত—প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়েই এক নতুন কাহিনি বুনছে রাজ্যপাল ভবন। এমন প্রেক্ষাপটে সাধারণ নাগরিকদের কৌতূহল চরমে—আবার কী রাজভবনের দরজায় পরিবর্তনের হাওয়া বইছে?

সময় যত এগোচ্ছে, প্রশ্নের পর প্রশ্ন উঠছে রাজনীতির অন্দরে। রাজনৈতিক বিশ্লেষক থেকে সাধারণ মানুষ—অনেকেই প্রশ্ন করছেন, কেন এত দ্রুত রাজ্যপাল পরিবর্তনের ইঙ্গিত? আর কে আসছেন এই গুরুদায়িত্ব নিতে? এই প্রশ্নগুলোর উত্তর এখনো পর্যন্ত পরিস্কার না হলেও, সূত্রের খবর কিছুটা ইঙ্গিত দিচ্ছে।

সূত্র বলছে, বর্তমান রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস খুব শীঘ্রই তাঁর পদ থেকে সরে দাঁড়াতে চলেছেন। তাঁর স্থানে বাংলার নতুন রাজ্যপাল হতে পারেন সুপ্রিম কোর্টের সদ্য প্রাক্তন বিচারপতি বেলা মাধুর্য ত্রিবেদী। জুন মাসে অবসর নেওয়ার কথা থাকলেও তিনি ইতিমধ্যেই অবসর গ্রহণ করেছেন। অবসর পর্বের পর তাঁর বিদেশ সফরের কথা রয়েছে, তারপরেই সম্ভবত তিনি বাংলার রাজ্যপালের আসন অলঙ্কৃত করতে পারেন।

গুজরাটের বাসিন্দা বেলা ত্রিবেদী একাধারে আইনজীবী, বিচারপতি এবং প্রশাসনিক দক্ষতায় প্রমাণিত এক নাম। অতীতে গুজরাটে আইন সচিব ছিলেন তিনি, যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি। সুপ্রিম কোর্টে কর্মরত থাকাকালীন একাধিকবার বিতর্কে জড়িয়েছেন তিনি। বিশেষত, বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি সংক্রান্ত মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ঘিরে তৈরি হয় তীব্র আলোচনা। দিল্লি ও গুজরাটের আইনজীবীদের একাংশ তাঁকে বিজেপি ঘনিষ্ঠ বলেও দাবি করেছেন।

আরও পড়ুনঃ Purnam Kumar Shaw : ‘ঠিক যেন রাম ফিরলেন অযোধ্যায়’—পাকিস্তান থেকে মুক্তি, বাড়ি ফিরলেন পূর্ণম, রিষড়ায় উৎসবের আবহ!

সুপ্রিম কোর্ট থেকে বিদায় নেওয়ার সময় বেলা ত্রিবেদীর সম্মাননা অনুষ্ঠানও বিতর্কে জড়ায়। গুজরাট হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের একাংশ তাঁর বিদায় সংবর্ধনা বয়কট করেন। তাঁদের অভিযোগ, বেলা কেবলমাত্র ‘আইন’ বোঝেন, কোনও বিশেষ সুবিধা কাউকে দেন না, এমনকি সিনিয়র অ্যাডভোকেটদের প্রতিও তাঁর অবস্থান ছিল কঠোর। যদিও এই কড়া এবং পক্ষপাতহীন মনোভাবই কেন্দ্রের আস্থা অর্জন করেছে। সেই আস্থার ফলস্বরূপই সম্ভবত বাংলার রাজ্যপাল পদের জন্য তাঁর নাম চূড়ান্ত হতে চলেছে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles