বাড়ছে করোনা রোগীর সংখ্যা, নেই পর্যাপ্ত চিকিৎসক, স্বাস্থ্য দফতরকে চিঠি বেলেঘাটা আইডির

রাজ্যে ক্রমশ ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। কলকাতার বেলেঘাটা আইডিতে বাড়তে শুরু করেছে রোগীর সংখ্যা। এই কারণে করোনা চিকিৎসার বেডের সংখ্যাও বাড়িয়ে ৩১৫ করা হয়েছে। কিন্তু শুধু তো বেড সংখ্যা ববাড়ালেই চলবে না, সঙ্গে চাই পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক, নার্স, ও প্যারামেডিক্যাল টেকনিশিয়ান।

আরও পড়ুন- ভয়ঙ্কর পরিস্থিতি! করোনার থাবা থেকে রেহাই নেই শিশুদেরও, আক্রান্ত হচ্ছে সদ্যোজাতরাও 

এই কারণে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরে চিঠি লেখা হয়েছে। যাতে ঠিকমতো পরিকাঠামো চালানো জকায়, এই আবেদন জানানো হয়েছে চিঠিতে। এই মুহূর্তে প্রয়োজন মাল্টি ডিসপ্লিনারি চিকিৎসক, এমনটাও উল্লেখ করা হয়েছে চিঠিতে। ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, কার্ডিওলজি, মেডিসিন, পালমনোলজির মতো ক্ষেত্রে চিকিৎসক প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যেই হাসপাতালে তৈরি করা হয়েছে এইচডিইউ বিভাগ। এই বিভাগে রয়েছে একাধিক যন্ত্র। তা যাতে প্রয়োজনে কাজে লাগানো যায়, এই কারণে দরকার টেকনিশিয়ান। একথাও জানানো হয়েছে এই চিঠিতে।

সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই মেডিসিন বিভাগের ৩ জন চিকিৎসক নিয়োগ করা হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে। গত দু-এক সপ্তাহ ধরেই বাড়ছে ভিড়। এরই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে হাসপাতাল চত্বরে ব্যস্ততা। গতকাল, বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষে বিবৃতি জারি করে জানানো হয় যে, ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ৬ হাজার ৭৬৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই সময়ের মধ্যে প্রাণ হারিয়েছেন ২২ জন।

আরও পড়ুন- কোভিড লড়াইয়ে মহান উদ্যোগ মুকেশ আম্বানির, বাঁচছে লক্ষ লক্ষ কোভিড রোগী

উল্লেখ্য, গত কয়েকদিনের মধ্যে সংক্রমণের ভয়াবহ চেহারা জারি হয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন যথাক্রমে ১ হাজার ৬১৫ জন ও ১ হাজার ৩৫৪ জন। টানা বেশ কয়েকদিন ধরেই রাজ্যের এই দুই জেলায় সংক্রমিতের সংখ্যা হাজারের বেশি। অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ২৪ ঘণ্টায় বেড়েছে ৪ হাজার ৩৬০ জন। যার ফলে গোটা রাজ্যে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৩৬ হাজার ৯৮১।

RELATED Articles