শীতলকুচির ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নোংরা রাজনীতি করছেন, সেই সংক্রান্ত অডিও টেপ এবার ফাঁস করল বিজেপি। এই অডিও টেপে শোনা যাচ্ছে কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি পার্থপ্রতিম রায়কে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, “মাথা ঠাণ্ডা করে ভোটটা করো, তারপর এর বিচার আমরা করব। ডেডবডিগুলো এখন রেখে দাও। কাল ডেডবডিগুলো নিয়ে র্যালি হবে। পরিবারগুলোকে বলবে কেউ ডেডবডি নেবে না”।
আজ, শুক্রবার সন্ধ্যায় একটি সাংবাদিক বৈঠক কর মমতা-পার্থর এই অডিও টেপ ফাঁস করে বিজেপি। এই অডিও টেপ ফাঁস হওয়ার পর শীতলকুচির পরিস্থিতি যে এখানেই শেষ হওয়ার নয়, তা বেশ স্পষ্ট। এদিন সাংবাদিক বৈঠকে বিজেপির মুখপাত্র অমিত মালব্য বলেন, “অডিও টেপে স্পষ্ট শোনা গিয়েছে, শীতলকুচির বুথে যারা হামলা করেছিল, তাদের আমাদের লোক বলেছে তৃণমূল জেলা সভাপতি। এও পরিষ্কার যে ডেডবডিগুলো নিয়ে মিছিল করার উদ্দেশ্য ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের”।
আরও পড়ুন- মোদীর বিরুদ্ধে রাজ্যে করোনা ছড়ানোর অভিযোগ, প্রমাণ থাকলে কমিশনকে পেশ করুন মমতা, দাবী দিলীপের
অমিত মালব্যের মতে, রাজ্যের একজন দশ বছরের মুখ্যমন্ত্রী, তাঁর মানসিকতা এতটা অপরাধপ্রবণ। প্রশাসনের শীর্ষে থাকা কোনও ব্যক্তি পুলিস ও প্রশাসন আধিকারিকদের পাশে থাকবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে মুখ্যমন্ত্রী তো যারা ভোট লুঠ করতে এসেছিল, তাদের পাশে রয়েছেন। তাদের মৃতদেহ নিয়ে মিছিল করলে গোটা রাজ্যে সাম্প্রদায়িক হানাহানির পরিবেশ সৃষ্টি হবে, এই কারণে তিন একাজ করতে চেয়েছেন। নিজের সংকীর্ণ রাজনীতির জন্য মানুষের জীবনকে বিপদের মুখে ঠেলে দিতে দ্বিধাবোধ করেন না মমতা বন্দ্যোপাধ্যায়।
এই অডিও টেপে আরও শোনা গিয়েছে যে মমতা পার্থকে বলছেন মৃতদের বাড়ির লোক যেন ভোটের পর এফআইআর দায়ের করেন। এমনকি, কী এফআইআর দায়ের করবেন তাও তিনি বলে দেবেন। তিনি এও বলেন, “ভালো করে এফআইআর দায়ের করতে হবে। ল’ইয়ারের সঙ্গে কনসাল্ট করে করবে। নিজে থেকে করবে না। কমান্ড জোন থেকে শুরু করে এসপি, সবকটা যাতে ফাঁসে। এসপিকেও ফাঁসাতে হবে, আইসিকেও ফাঁসাতে হবে”। মমতা এও বলেন যে, মুসলিমদের মনে যাতে ভয় ঢুকে যায় সেরকমভাবে প্রচার করতে হবে। যাতে তারা তৃণমূলকে ভোট দেয়।
আরও পড়ুন- পেনশনই একমাত্র আয়ের উৎস, নেই নিজের গাড়ি-জমি, হাতে নগদ ৩৫ হাজার, হলফনামায় দাবী মুকুলের
এই অডিও টেপ নিয়ে তৃণমূলের পক্ষে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি। তবে আজ রাত ৮টায় তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠক করা হবে। সেখানে তৃণমূল এ ব্যাপারে কী প্রতিক্রিয়া দেয়, এখন সেটাই দেখার।





