Bengal Assembly: কড়া ২১শের বিধানসভা! অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন করাতে রেকর্ড পরিমাণে কেন্দ্রীয় বাহিনী আসছে বঙ্গে

বাংলার বিধানসভা নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে নির্বাচনের আগেই রাজ্যে ঢুকছে ১ হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

গত ২০১৯ এর লোকসভার নির্বাচনে রাজ্যে মোতায়েন হয়েছিল ৭৪৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এরপরেও বাংলার ভোটে হিংসা রুখতে ব্যর্থ হয় নির্বাচন কমিশন। আর তাই এবার আরও বেশি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে সুরক্ষা মজবুত করার চ্যালেঞ্জ নেওয়া হয়েছে।

গতকাল অর্থাৎ সোমবার এইরকমই ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশনের এক আধিকারিক। গত লোকসভা নির্বাচনের তুলনায় এবারের বিধানসভা নির্বাচনে অনেক বেশি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন।

একই সঙ্গে বিহার বিধানসভা নির্বাচনের মডেল অনুসরণ করে রাজ্যে বাড়ছে পোলিং বুথের সংখ্যাও। করোনায় মানুষকে সুরক্ষিত রাখার জন্য ২০১৯ এর ৭৮ হাজার ৯০৩ টি পোলিং বুথের তুলনায় এবার রাজ্যে ১ লক্ষ ১ হাজার ৭৯০ টি পোলিং বুথ করতে পারে নির্বাচন কমিশন। রাজ্যে একলাফে এত সংখ্যক পোলিং বুথ বেড়ে যাওয়ার কারণেই ১ হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই, ডেপুটি নির্বাচন কমিশনারের পর রাজ্যে এসেছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তাঁদের এখন একটাই লক্ষ্য। অশান্ত বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন। বাংলায় এসেই প্রথমে রাজ্যের আইন শৃঙ্খলার দিকে নজর রাখতে রাজ্য পুলিশ এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। পাশাপাশি তিনি এও জানিয়েছিলেন যে, নির্বাচনের সময় যদি কোন পুলিশ কর্তার বিরুদ্ধে তাঁর দায়িত্ব সামল দিতে গিয়ে গাফিলতির অভিযোগ ওঠে তাহলে শুধুমাত্র বদলি নয়, প্রয়োজনে তাঁকে সাসপেন্ডও করা যেতে পারে।

RELATED Articles